বাংলা হান্ট ডেস্ক: কেদারনাথ ও বদ্রীনাথ (Kedarnath-Badrinath Yatra) দর্শনে যেতে হলে এতদিন তীর্থযাত্রীদের পাড়ি দিতে হত দীর্ঘ ও দুর্গম পথ। হরিদ্বার (Haridwar) থেকে সড়কপথে কয়েক দিনের যাত্রা, তার পর কেদারনাথ পৌঁছতে দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে ওঠার ধকল। বদ্রীনাথ যাওয়ার পথও কম কঠিন নয়। তবে এবার সেই ছবিটাই বদলাতে চলেছে। উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বড়সড় সাফল্য পেল ভারতীয় রেল (Indian Railways)। হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের অধীনে ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ টানেল-১৪-এর খননকাজ সম্পূর্ণ হয়েছে। এই সুড়ঙ্গ তৈরি হওয়ায় প্রকল্পের কাজ আরও এক ধাপ এগোল।
কেদারনাথ-বদ্রীনাথের (Kedarnath-Badrinath Yatra) যাত্রা সহজ করতে বড় পদক্ষেপ রেলের
প্রায় ১২৫ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্প উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যেই তৈরি হচ্ছে। বিশেষ করে চারধাম যাত্রায় আসা তীর্থযাত্রী এবং পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে। রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সুড়ঙ্গটির একদিকে সুমেরপুরের পোর্টাল-১ থেকে ৪.৭ কিলোমিটার এবং অন্যদিকে মারোরার পোর্টাল-২ থেকে ১.৭৯ কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছে। দুই দিক থেকে কাজ এগিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত সুড়ঙ্গের সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে (Kedarnath-Badrinath Yatra)।
আরও পড়ুন: পুলিশের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এবার লালবাজারে অভিযোগ দায়ের
তবে এই কাজ মোটেই সহজ ছিল না। বিশেষ করে পোর্টাল-১-এর কাছে একটি জনবসতির ঠিক নিচ দিয়ে প্রায় ১১০ মিটার দীর্ঘ অংশ খনন করতে হয়েছে। সুড়ঙ্গের উপরে মাত্র ২০ থেকে ৩০ মিটার মাটি ও পাথরের স্তর থাকায় সামান্য ভুলেও বিপদের আশঙ্কা ছিল। তাই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে খননকাজ চালানো হয়। দুই প্রান্তেই নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
রেল মন্ত্রক জানিয়েছে, মারোরার কাছে পাহাড়ের ঢাল শক্তিশালী করা এবং মাটি বসে যাওয়ার সমস্যা মোকাবিলা করা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। পাশাপাশি জমি ও বাড়ি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণেও কাজ কিছুটা পিছিয়ে যায়। অবশেষে সেই সমস্যাগুলি মিটিয়ে ২০২৪ সালের মার্চ মাসে মূল সুড়ঙ্গ খননের কাজ শুরু করা সম্ভব হয়। সুড়ঙ্গের প্রায় ১০০ মিটার অংশ যন্ত্রের সাহায্যে খনন করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতা হাই কোর্টের ইতিহাসে বড় ঘটনা! এবার পোর্ট ব্লেয়ারেই মামলার শুনানি করবেন প্রধান বিচারপতি
সব মিলিয়ে, টানেল-১৪-এর কাজ শেষ হওয়াকে হৃষীকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে উত্তরাখণ্ডের পাহাড়ি জনপদগুলির সঙ্গে রেল যোগাযোগ আরও মজবুত হবে। পাশাপাশি পর্যটন, স্থানীয় ব্যবসা এবং তীর্থযাত্রার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে। দীর্ঘ ও দুর্গম সড়কপথের উপর নির্ভরতা কমিয়ে পাহাড়ের বুকের ভিতর দিয়ে ট্রেনে যাতায়াতের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের অন্যতম বড় আকর্ষণ (Kedarnath-Badrinath Yatra)।












