বাংলা হান্ট ডেস্ক : রাজনীতিতে নতুন ভূমিকায় মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। ছোটপর্দার পরিচিত এই অভিনেত্রী এবার যোগ দিলেন বিজেপির শ্রমিক সংগঠনের সঙ্গে। ভারতীয় জনতা মজদুর সেল (BJMC)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সেই খবর প্রকাশ্যে আনেন মানসী নিজেই।
রাজনীতিতে অভিষেক মানসী সেনগুপ্তর (Manosi Sengupta)
উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ছিল একাধিক অনুষ্ঠান। সেই বিশেষ দিনেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। রাজনীতিতে নাম লেখানোর পর নিজের অবস্থান নিয়েও কোনও রাখঢাক রাখেননি মানসী। অতীতে তৃণমূলের সঙ্গে তাঁর প্রত্যক্ষ রাজনৈতিক যোগ ছিল না বলেই জানিয়েছেন তিনি। দলের হয়ে সভা, মিছিল কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতাও তাঁর নেই। তাই নতুন দলে যোগ দেওয়ার পর পুরনো রাজনৈতিক বিতর্ককে সামনে না এনে অন্য ভাবনাকেই গুরুত্ব দিতে চাইছেন অভিনেত্রী।
অভিনেত্রীর কথায়, রাজ্য সরকারের কাজের খতিয়ান বা অতীতে কার কোথায় ভুল ছিল, সেই হিসেব-নিকেশে তিনি ঢুকতে চান না। মানুষের জন্য বাস্তবে কী করা সম্ভব, সেটাই এখন তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণের বদলে কাজের মাধ্যমে নিজের ভূমিকা তৈরি করার বার্তাই দিয়েছেন মানসী।
উল্লেখ্য, ছোটপর্দায় বহুদিন ধরেই দর্শকদের সঙ্গে তাঁর পরিচয়। ‘নিম ফুলের মধু’ থেকে শুরু করে ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’-সহ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত কয়েক বছরে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম হয়নি। ২০২৬ সালের মার্চে তাঁর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। দুই সন্তানকে নিয়ে তাঁর পারিবারিক জীবনও কম আলোচিত নয়।

আরও পড়ুন : শর্মিষ্ঠার খোঁজে শেষ ভরসা DNA! নেপালে নিখোঁজের ৮ দিন পর বড় পদক্ষেপ
এবার মানসীর জীবনে যুক্ত হল সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। এতদিন যাঁকে দর্শক টেলিভিশনের চরিত্রের মাধ্যমে চিনেছেন, সেই মানসীকেই এবার দেখা যাবে রাজনৈতিক সংগঠনের দায়িত্বে। এখন দেখায় রাজনীতিতে তার ইনিংস জনগণের কতটা পছন্দ হয়।













