কলকাতার দূষণ কমাতে এবার গোলাপজলের স্প্রে! অগ্নিমিত্রা পালের অভিনব উদ্যোগ

Published on:

Published on:

Agnimitra Paul plans to spray rose water to reduce pollution in kolkata

বাংলা হান্ট ডেস্ক : দূষণের কবল থেকে কলকাতাকে রক্ষা করতে এবার গোলাপের সুবাসের সাহায্য নেওয়ার পরিকল্পনা! শহরের বাতাসে ধূলিকণার আধিক্য কমাতে এতদিন জল ছেটানোর যে ব্যবস্থা চালু ছিল, তাতেই নতুন সংযোজন করতে চলেছে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিশেষত উৎসবের দিনগুলিতে এই পদ্ধতিতে গোলাপ জল ব্যবহারের ভাবনা প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জোর চর্চা। কিন্তু বায়ুদূষণের মতো জটিল সমস্যার সমাধানে সুগন্ধি জলের ব্যবহার কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

দূষণ কমাতে গোলাপ জল ছেটানোর পরিকল্পনা পুরমন্ত্রীর (Agnimitra Paul)

সমাজমাধ্যমে নিজের পরিকল্পনার কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কলকাতার যেসব এলাকায় বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক, সেখানে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা কমানোর জন্য পুরসভার পক্ষ থেকে নিয়মিত জল ছেটানো হয়। এবার সেই ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। কালীপুজো-সহ বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে ব্যবহৃত জলের সঙ্গে গোলাপ জল মেশানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর মতে, এতে ধুলোর প্রকোপ কমানোর পাশাপাশি শহরের পরিবেশে সুগন্ধও ছড়াবে। পরিচ্ছন্নতার পাশাপাশি কলকাতাকে আরও সতেজ ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যেই এই ভাবনা।

Agnimitra Paul plans to spray rose water to reduce pollution in kolkata

নিজের পোস্টে বিদেশের একটি শহরের সঙ্গে কলকাতার বায়ুর মানের তুলনাও টেনেছেন অগ্নিমিত্রা। লন্ডন সফরে গিয়ে সেখানকার বায়ুদূষণের সূচক দেখে তাঁর বিস্ময়ের কথা জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, লন্ডনের একাধিক এলাকায় AQI-এর মাত্রা ১০, এমনকি কোনও কোনও জায়গায় তা ১-এর নীচেও নেমে যায়। বিপরীতে কলকাতার পরিস্থিতি অনেকটাই আলাদা। এখানে অধিকাংশ সময় বায়ুদূষণের সূচক ২০০-র গণ্ডি ছাড়িয়ে থাকে। শহরের মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে তাই প্রশাসনের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ৩ দিন ধরে টানা ১৩ ঘন্টা চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রণ, কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল?

তবে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ। তাঁর মতে, গোলাপ জলের ব্যবহার দূষণের প্রকৃত সমস্যার সমাধান করতে পারবে না। রবিবার তিনি বলেন, “মন্ত্রীকে সম্মান জানিয়েই বলছি, সুগন্ধী গোলাপ জল ছিটালে সুবাস দু’মিনিটেরও বেশি স্থায়ী হবে না। কলকাতার পারফিউমের বদলে বাস্তবমুখী পদক্ষেপ প্রয়োজন। জরুরি বাতাসে দূষণের মাত্রা কমানো।” শুধু যানবাহন বা রান্নার জ্বালানি নয়, শহরের রাস্তায় জমে থাকা ধুলোবালিও দূষণের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই সমস্যা মোকাবিলায় কলকাতার বিভিন্ন এলাকায় ১০০টি ওয়াটার ক্যানন বসিয়ে নিয়মিত জল দিয়ে রাস্তা পরিষ্কারের প্রস্তাব দিয়েছেন সোমেন্দ্র মোহন ঘোষ।

কলকাতার বায়ুদূষণ নিয়ে নতুন এই পরিকল্পনা প্রশাসনের সদিচ্ছার বার্তা দিলেও বাস্তবে কতটা পরিবর্তন আনতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বাতাসের গুণমান ফেরাতে শুধু উৎসবের সময় জল ছেটানো যথেষ্ট নয়। পুরনো গাড়ির ধোঁয়া, কয়লার ব্যবহার এবং জমে থাকা ধুলোর মতো সমস্যার মোকাবিলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন।