তোলাবাজি করলেই ঘাড়ধাক্কা! BJP-র নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul warning to BJP leader workers about extortion
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তোলাবাজি বরদাস্ত করা হবে না। বিজেপির (BJP) নেতা-কর্মীদের আগেই এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ। এবার একই বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তোলাবাজির অভিযোগ পেলে কাউকে ছাড়া হবে না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

তোলাবাজি নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

তৃণমূল সরকারের আমলে তোলাবাজি, দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিল বিজেপি। ভোটের আবহে এগুলিকেই বিরোধিতার মূল হাতিয়ার করেছিল পদ্ম শিবির। তবে অভিযোগ, পালাবদলের পরেও কোথাও কোথাও এই সমস্যা রয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ SIR-এ নাম বাদ! ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে আবেদন নিষ্পত্তির অনুরোধ হাইকোর্টের, কোন মামলায়?

এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, “তোলাবাজির বিষয়টা তো থেকে যাবেই। আমরা তো সবাইকে ডিটারজেন্ট কিংবা ওয়াশিং মেশিনে ধুয়ে আনিনি। তাঁরাও তো রক্তমাংসের মানুষ। এখন ক্ষমতায় এসেছে। অনেকে ভাবছেন এভাবে আয় করব। তবে আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।“

রাজ্যের মন্ত্রী বলেন, ইতিমধ্যেই তোলাবাজি, বেআইনি সিন্ডিকেট, অবৈধ টোল ট্যাক্স ও মদের ঠেক নিয়ে চারটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেখানে ফোন করে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। তবে কেউ যদি এই নম্বরগুলির অপব্যবহার করেন বা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

Agnimitra Paul

একইসঙ্গে তোলাবাজির বিষয়ে বিজেপির অবস্থান আরও একবার স্পষ্ট করে অগ্নিমিত্রা বলেন, “এই বিষয়ে আমাদের রাজ্য সভাপতির বার্তাই চূড়ান্ত। উনি স্পষ্ট বলেছেন, এসব করলে দল থেকে বার করে দেওয়া হবে। সম্ভবত কয়েকজনকে বহিষ্কারও করা হয়েছে। এই নিয়ে আমরা কোনও ডিল করি না। সামনে একটা কথা বলব আর ভিতরে ভিতরে বলব তোলাবাজি চালিয়ে যাও, ৭০ শতাংশ, ৩০ শতাংশ হিসাবে ভাগ করো… আমরা এসব করি না। আমরা আগের সরকারের মতো না। যেটা বলি সেটাই করি।“

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছে বিজেপি সরকার। দলের ভিতরেও একই নীতি অনুসরণ করা হবে বলে আরও একবার স্পষ্ট করে দিলেন অগ্নিমিত্রা।