বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী ১৫ই আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু সেই সিরিজের জন্য কিছু আগাম সতর্কবার্তা শুনিয়ে রাখলেন সদ্য সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়া অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় দলের রণনীতি কেমন হওয়া উচিত সেই নিয়েই মুখ খুলেছেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজ গৌতম গম্ভীরদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই সিরিজ জিততেই হবে ভারতীয় দলকে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় দল। এই সিরিজ ড্র করলে বা হারলে টানা দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হবে শুভমান গিলরা।

এই সিরিজে ভালো খেলার বিষয়ে অজিঙ্কা রাহানে ভারতীয় দলকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, “আমার মনে হয় শ্রীলঙ্কায় সাধারণত প্রথম দিনের উইকেট খুব ভালো থাকে। তবে একজন ব্যাটার হিসেবে বোলারদের ওপর আধিপত্য বজায় রাখাটা অত্যন্ত জরুরি, শ্রীলঙ্কায় আমি এটাই শিখেছি। এখানে খুব বেশি রক্ষণাত্মক হওয়া চলে না; বরং আপনাকে আরও আক্রমণাত্মক বা সক্রিয় হতে হবে, কারণ সেখানকার উইকেট স্পিন-সহায়ক হয় এবং শ্রীলঙ্কার দলে বেশ ভালো মানের স্পিনারও রয়েছে।”
আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে
শ্রীলঙ্কা সফর সহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সার্কেলে আরও ৯টি ম্যাচ খেলবে ভারতীয় দল। অন্য কোনও দলের পা ফসকানোর অপেক্ষায় না থেকে নিজেদের দমে ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে তার মধ্যে ৮টি ম্যাচেই জিততে হবে ভারতীয় দলকে। একটি ম্যাচের বেশি হারলে এবারের মতো অভিযান শেষ হয়ে যাবে গৌতম গম্ভীরদের।
আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড
মূল সিরিজ আরম্ভ হওয়ার আগে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশকে হারিয়েছে গৌতম গম্ভীরের ছেলেরা। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে জয় পেতেও তাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তবে দুই-একজন বাদে দলের সব তারকা ক্রিকেটারের এই জয়ে অবদান ছিল, যে বিষয়টি স্বস্তি দেবে গম্ভীরকে।













