বাংলা হান্ট ডেস্ক : বরাহনগর ঘটনায় (Baranagar Case) মৃত্যুর পরেও অঞ্জলি সাউয়ের পরিচয় ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে অজ্ঞাতপরিচয় কেউ! কখনও দাদার হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ, কখনও আবার মায়ের ফোনে আসছে কল। অথচ যে মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছে, সেটি অঞ্জলির নিজের। তাঁর মৃত্যুর পর ফোনটি আর পরিবারের হাতে নেই। বরং মোবাইলের পাশাপাশি খোঁজ মিলছে না পার্স ও সোনার গয়নারও। বরাহনগরের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে পরিবারের সদস্যদের কাছে মৃত অঞ্জলির ফোন থেকে আসা মেসেজগুলিও।
বরাহনগর ঘটনায় (Baranagar Case) মৃত অঞ্জলির ফোন থেকে কে যোগাযোগ করছে?
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বরাহনগরের লেক পল্লী এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনাটি সামনে আসে। একটি আবাসনের পাঁচতলায় দীর্ঘক্ষণ বন্ধ থাকা ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয় ২৬ বছরের অঞ্জলি সাউয়ের দেহ। ফ্ল্যাটটি তাঁর দিদি ও জামাইবাবুর। ডানলপে থাকতেন অঞ্জলি। মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রথম থেকেই মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার বদলে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে।

ঘটনার দিন অঞ্জলির দিদি বাড়ি থেকে বেরোনোর আগে ফ্ল্যাটের চাবি প্রতিবেশীর কাছে রেখে গিয়েছিলেন। পরে সেই চাবি নিয়ে সেখানে প্রবেশ করেন অঞ্জলি। রাতে দিদি ও জামাইবাবু বাড়ি ফিরে দরজা খুলতে গিয়ে দেখেন, ভিতর থেকে ছিটকিনি দেওয়া রয়েছে। অঞ্জলিকে বারবার ডাকলেও কোনও উত্তর মেলেনি। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। শেষ পর্যন্ত থানায় খবর পাঠানো হলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানেই অঞ্জলির নিথর শরীর পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন : ‘আরও যাঁরা যোগ্য তারাও পাবেন’, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে যোগ্যরা
তরুণীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা বেশ কিছু সন্দেহজনক বিষয় পুলিশের নজরে এনেছেন। তাঁদের বক্তব্য, ঘর থেকে অঞ্জলির মোবাইল ফোন, পার্স এবং সোনার গয়না উধাও। শরীরে আঘাতের পাশাপাশি রক্ত জমাট বাঁধার চিহ্নও ছিল বলে দাবি পরিবারের। তাঁদের আশঙ্কা, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। অঞ্জলির ব্যক্তিগত সম্পর্কের দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিশেষ করে তাঁর প্রেমিকের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
এই ঘটনার তদন্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মৃত অঞ্জলির মোবাইল ফোন। পরিবারের অভিযোগ, বুধবার অঞ্জলির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে তাঁর দাদা শিবম সাউয়ের কাছে যোগাযোগ করা হয়। প্রথমে ফোনটি বন্ধ থাকলেও পরে সেটি চালু হওয়ার খবর পেয়ে ওই নম্বরে ফোন করেন শিবম। কেউ কল রিসিভ করেননি। তার কিছুক্ষণ পরেই একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, ‘যা জানার এখনই জেনে নাও, একটু পরে ফোন সুইচ অফ করে দেবো।’
ঘটনার এখানেই শেষ নয়। ওই রাতেই অঞ্জলির নম্বর ব্যবহার করে তাঁর মায়ের কাছেও হোয়াটসঅ্যাপ কল করা হয়। ফোন ধরেই ওপারে থাকা ব্যক্তিকে প্রশ্ন করেন অঞ্জলির মা, ‘আমাদের সঙ্গে তোমার কী শত্রুতা ছিল? আমার মেয়েকে কেন খুন করলে?’ কিন্তু প্রশ্নের কোনও জবাব না দিয়ে অপর প্রান্তের ব্যক্তি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। মৃত্যুর পরেও মেয়ের ফোন থেকে এভাবে যোগাযোগ আসায় আতঙ্কিত পরিবারের সদস্যরা।
অঞ্জলির নিখোঁজ ফোনটি কোথায় রয়েছে, তা জানতে মোবাইল টাওয়ারের অবস্থান অনুসরণ করা হচ্ছে। কিন্তু তদন্তকারীদের সমস্যা হচ্ছে ফোনটির অবস্থান ঘন ঘন বদলে যাওয়ায়। পুলিশের ধারণা, ধরা পড়ার আশঙ্কায় ফোনটি ব্যবহারকারী ব্যক্তি নির্দিষ্ট সময় অন্তর সেটি চালু ও বন্ধ করছেন। ফলে একটি জায়গায় ফোনের সংকেত পাওয়া গেলেও পুলিশ সেখানে পৌঁছনোর আগেই সেটির অবস্থান পাল্টে যাচ্ছে। এই কারণেই মোবাইলের গতিবিধির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। অন্যদিকে, অঞ্জলির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবিতে বরাহনগর থানায় যান স্থানীয় বিধায়ক সজল ঘোষ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি থানার আধিকারিকদের কাছেও দ্রুত পদক্ষেপের আবেদন জানান তিনি। অঞ্জলির মৃত্যু ঘিরে এখন একাধিক দিক থেকে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘরের ভিতরে ঠিক কী ঘটেছিল, কীভাবে প্রাণ গেল তরুণীর, আর মৃত্যুর পর তাঁর ফোনই বা কার হাতে পৌঁছল—সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে পুলিশি তদন্তের পর।












