বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে আবেদন শুরুর প্রথম দিনেই প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন পোর্টালে কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই কারণেই ৩ জুন যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের আবার নতুন করে আবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এখন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ মিলছে।
অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) আবেদন নিয়ে বড় আপডেট
গত ৩ জুন অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই প্রযুক্তিগত আপডেটের জন্য ওয়েবসাইটটি মেইনটেন্যান্স মোডে চলে যায়। পরে পোর্টালটি ফের চালু করা হয়েছে এবং নতুন করে আবেদন গ্রহণ শুরু হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে, ৩ জুন যাঁরা অনলাইনে আবেদন করেছিলেন, তাঁদের নতুন ফর্ম্যাটে আবার আবেদন করতে হবে।
এছাড়া যাঁদের অনলাইনে আবেদন করতে সমস্যা হয়, তাঁরা অফলাইনেও ফর্ম জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে প্রথমে রাজ্য সরকারের সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যেতে হবে। সেখানে ‘Citizen Family Login’ অপশনে ক্লিক করে নিজের জেলা নির্বাচন করতে হবে। এরপর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগইন করতে হবে।
লগইন করার পরে আবেদনকারীকে নিজের ব্যক্তিগত তথ্য, রেশন কার্ডের তথ্য, আয় ও পেশার বিবরণ, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং পরিচয়পত্রের তথ্য ধাপে ধাপে পূরণ করতে হবে। প্রতিটি ধাপ শেষ করার পরে ‘Save Draft’ অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আবেদনপত্র জমা করা যাবে।
এই প্রকল্পের (Annapurna Bhandar) সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরা এই প্রকল্পের আওতায় আসবেন না। আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি এবং আধারের সঙ্গে যুক্ত সক্রিয় মোবাইল নম্বর বাধ্যতামূলক। একটি মোবাইল নম্বর ব্যবহার করে শুধুমাত্র একটি আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ প্রকল্পে আর দেরি নয়! ৭ দফতরের হাতে ৩ কোটি টাকার ক্ষমতা, বড় সিদ্ধান্ত নতুন সরকারের
অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদন জমা দেওয়ার পর তার অগ্রগতি জানতে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের ‘Track Applicant Status’ অপশনে গিয়ে আবেদন নম্বরের সাহায্যে স্ট্যাটাস দেখা যাবে।













