বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেই মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে বিজেপি সরকার। তবে অভিযোগ, এখনও অনেক যোগ্য মহিলা এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাননি। এই নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। এবার টাকা না পাওয়া মহিলাদের বড় আশ্বাস দিলেন বিধায়ক রাজেশ কুমার।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস বিধায়কের | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে সম্প্রতি পানপুর বিডিও অফিসে বিধায়ক রাজেশের সামনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন একাধিক মহিলা। কেউ জানান, প্রথম মাসে ৩ হাজার টাকা পেলেও এরপর আর পাননি। সময়ে টাকা মিলছে না। কারও আবার দাবি, এর থেকে লক্ষ্মীর ভাণ্ডারই ভালো ছিল।
আরও পড়ুনঃ গ্রেফতার হতেই সব স্বীকার! র্যাকেটের কথাও ফাঁস করলেন অভিষেকের পিএ, দাবি CID-র
বিডিওকে সঙ্গে নিয়ে প্রত্যেক মহিলার অভিযোগ মন দিয়ে শোনেন বিধায়ক। এরপর তাঁদের আশ্বস্ত করে বলেন, যাদের আবেদন ‘আন্ডার প্রসেস’ রয়েছে তাঁরা টাকা পেয়ে যাবেন। পাশাপাশি বিডিও বলেন, ‘আন্ডার প্রসেস’ থাকা মহিলাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
রাজেশ বলেন, ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছেন। যারা এখনও পাননি, তাঁরাও পেয়ে যাবেন। সব আবেদনপত্র ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক কাজের কিছু বিষয় থাকে বলে জানান তিনি।
মহিলাদের যাবতীয় অভিযোগ শোনার পর বিডিও সহ অফিসারদের বিধায়ক বলেন, মহিলাদের বক্তব্য যেন গুরুত্ব দিয়ে বিচার করা হয়। সবাই যাতে টাকা পায়, সেটা দেখার জন্য অফিসারদের বলেছেন তিনি।

গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এরপর তিন মাসের বেশি সময় কেটে গেলেও বহু যোগ্য মহিলা টাকা পাননি বলে অভিযোগ। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। কোথাও রাস্তায় শুয়ে মহিলারা কাঁদছেন, কোথাও আবার পুরসভা বা পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে।
এবার সরাসরি বিধায়কের সামনে অন্নপূর্ণা যোজনা নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন একদল মহিলা। তাঁদের যাবতীয় অভিযোগ শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তাতে টাকা না পাওয়া আবেদনকারীদের চিন্তা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।













