বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকে রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প (Seba Setu Camp) শুরু হয়েছে। সেখানে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana), আয়ুষ্মান ভারত যোজনা, পিএম কিষাণ যোজনা সহ একাধিক প্রকল্পের ফর্ম পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখনও যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরাও এই ক্যাম্পে ভিড় জমিয়েছেন। এই পরিস্থিতিতে কোন কোন নথি সঙ্গে রাখতে হচ্ছে জেনে নিন।
অন্নপূর্ণা যোজনা পেতে সেবা সেতু ক্যাম্পে ভিড় | (Annapurna Yojana)
তৃণমূল আমলের দুয়ারে সরকার শিবিরের ধাঁচে আজ থেকে রাজ্য জুড়ে সেবা সেতু ক্যাম্প শুরু হয়েছে। চলবে আগামী ৪ অক্টোবর অবধি। সকাল ১০টা থেকে ক্যাম্পগুলিতে কাজ শুরু করেছেন বিভিন্ন পুরসভার আধিকারিকরা। সেখানে ভিড় জমিয়েছেন অন্নপূর্ণা যোজনা না পাওয়া বহু মহিলা।
আরও পড়ুনঃ বেতন মিললেও বর্ধিত ২০% DA ঢুকবে না অ্যাকাউন্টে! এরিয়ার নিয়ে চিন্তায় পুরকর্মীরা
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখনও যেসব মহিলা অন্নপূর্ণা যোজনা পাননি, তাঁরা সেবা সেতু ক্যাম্পে নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবই ও আগের আবেদনের তথ্যের জেরক্স কপি নিয়ে গিয়েছেন। এই নথিগুলির জেরক্সের পাশাপাশি অরিজিনাল কপিও নিজেদের সঙ্গে রেখেছেন তাঁরা।
এছাড়া অন্নপূর্ণা যোজনার আবেদনের জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেই মোবাইল নম্বরও সঙ্গে রেখেছেন মহিলারা। সেবা সেতু ক্যাম্পে সরকারি আধিকারিকরা মহিলাদের যাবতীয় নথিপত্র ভালো করে খতিয়ে দেখছেন। যাতে তাঁরা আগামীদিনে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার বাকি যোগ্য আবেদনকারীরা অক্টোবর মাসের মধ্যে ৩ হাজার টাকা করে পেয়ে যাবেন। যদিও পুজোর মাসে কত তারিখ থেকে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে তা এখনও জানায়নি রাজ্য সরকার। ফলে পুজোর আগে না পরে, কবে টাকা আসবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত রাজ্যের ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন সকলে।












