মহাবিপাকে মহুয়া! তৃণমূল সাংসদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, হঠাৎ কী হল?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ চাপ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করেছে কৃষ্ণনগর আদালত। অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা | (Mahua Moitra)

কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাৎকারে অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। এর প্রেক্ষিতে নদিয়া নিবাসী গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি গত ১৩ মে তাঁর বিরুদ্ধে কৃষ্ণনগর এসিজেএম আদালতে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ নুনের জায়গায় গুঁড়ো সাবান! মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ুয়ারা

আদালত সূত্রে জানা গিয়েছে, সেই মামলার শুনানির জন্য একাধিকবার মহুয়াকে সশরীরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বারবার সেই তলব এড়িয়ে গিয়েছেন তিনি। এবার সেই কারণেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত।

এদিকে মামলাকারী গৌরাঙ্গ দে আগেই জানিয়েছিলেন, একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে এই মামলা করেছেন তিনি। তিনি বলেন, “ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে কোনও জনপ্রতিনিধি পার পেতে পারেন না। সাংসদ মহুয়া মৈত্রকে প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।“

Mahua Moitra

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানা হয়েছিল। তাতে প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এরপরেই পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। তাতে মিলেছিল অভূতপূর্ব সাফল্য।

সম্প্রতি সেই অপারেশন সিঁদুর ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত, আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এই নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হতেই রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছিল। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সোজা গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। এই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।