বাংলা হান্ট ডেস্ক : বহুদিন ধরে আলোচনায় থাকা মেসি ইভেন্ট সংক্রান্ত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা নথিভুক্ত হওয়ার পর এবার রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ফলে তদন্তের পরবর্তী ধাপ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মেসি কান্ডে অরূপ বিশ্বাসকে (Arup Biswas) তলব
এই মামলার সূত্রপাত হয়েছিল শতদ্রু দত্তের অভিযোগকে কেন্দ্র করে। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে শতদ্রু নিজেই সকলকে সে কথা জানান। একইসঙ্গে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে ধন্যবাদও জানান তিনি। জানা যাচ্ছে, বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে অরুপ বিশ্বাসকে আগামী ৫ জুন দুপুর ১২টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অরূপ বিশ্বাসকে তলব করার সিদ্ধান্তের পর ফের তদন্ত প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করেছেন শতদ্রু দত্ত। তাঁর বক্তব্য, “নতুন সরকার আসার পর আমার ভরসা হয়েছিল যে আমি বিচার পাবো। আমি মনে করে নিরপেক্ষ তদন্ত হবে। পুলিশ এখন যে পদ্ধতিতে এগোচ্ছে আমি তাকে স্বাগত জানাচ্ছি। আমাকে যেভাবে ভুলভাবে গ্রেফতার করা হয়েছিল, দোষী দেখানোর চেষ্টা হয়েছিল তার পর আমি চাই সত্যি সামনে আসুক। আমি কোনওভাবেই ওই ইভেন্ট বানচাল করার জন্য দায়ী ছিলাম না। ওনাকে অনেক আগেই ডাকা উচিত ছিল, কিন্তু ডাকেনি। নতুন সরকার যেটা করছে আমি তাকে স্বাগত জানাই।”

আরও পড়ুন : মহিলাদের জন্য সুখবর! বিনামূল্যে ভ্রমণের ‘জিরো টিকিট’ কোথা থেকে পাবেন জানুন
পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধারা ৩(৫)-এ একাধিক ব্যক্তির সম্মিলিত ও পূর্বপরিকল্পিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ধারা ৩০৮(২) অনুযায়ী তোলাবাজি, ধারা ৩১৮(৪)-এ প্রতারণা, ধারা ৩৫১(২)-এ ভয় দেখিয়ে অপরাধ সংঘটনের চেষ্টা এবং ধারা ৬১(২)-এ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও নথিভুক্ত করা হয়েছে। এখন নজর ৫ জুনের দিকে। নির্ধারিত দিনে অরূপ বিশ্বাস থানায় হাজিরা দেন কি না এবং তদন্তে কী নতুন তথ্য উঠে আসে, তার উপরই নির্ভর করবে মামলার পরবর্তী গতিপ্রকৃতি।













