বাংলা হান্ট ডেস্কঃ অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং বার্ধক্যকালে নিশ্চিত আয়ের ব্যবস্থা করতে ফের বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা অটল পেনশন যোজনা বা অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত সাধারণ মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) কী এবং কী সুবিধা পাওয়া যায়?
অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) একটি সরকারি অনুদানপ্রাপ্ত সামাজিক সুরক্ষা প্রকল্প। এই স্কিমের মূল উদ্দেশ্য হলো অবসর জীবনে একটি নির্দিষ্ট মাসিক আয়ের নিশ্চয়তা দেওয়া। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পাওয়া যায়। পেনশনের অঙ্ক নির্ভর করে গ্রাহক কত টাকা এবং কত বছর ধরে প্রিমিয়াম জমা দিচ্ছেন তার ওপর।
কারা আবেদন করতে পারবেন?
১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে (Atal Pension Yojana) আবেদন করতে পারেন। আবেদনকারীর অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে, যা আধার এবং মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত থাকবে। এই স্কিমে পেনশন পেতে হলে অন্তত ২০ বছর নিয়মিত অবদান রাখা বাধ্যতামূলক।
কারা আবেদন করতে পারবেন না?
সরকারের নিয়ম অনুযায়ী, ২০২২ সালের ১ অক্টোবর থেকে যারা আয়কর রিটার্ন দাখিল করেন বা আয়কর দেন, তারা অটল পেনশন যোজনায় আবেদন করার যোগ্য নন।
ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে কোথায় আলাদা অনেকে অটল পেনশন যোজনা এবং ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-কে এক করে দেখেন। তবে এই দুই প্রকল্পের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। পার্থক্যটি হল – NPS মূলত সরকারি ও বেসরকারি ক্ষেত্রের বেতনভুক কর্মীদের জন্য তৈরি। অন্যদিকে, অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) বিশেষভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। এই প্রকল্পে শুধু গ্রাহকই নয়, তার মৃত্যুর পর স্বামী বা স্ত্রীও একই পরিমাণ পেনশন পাওয়ার অধিকারী হন। উভয়ের মৃত্যুর পরে জমা পেনশনের পুরো টাকা নমিনি বা মনোনীত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।
আবেদন করার পদ্ধতি
এই স্কিমে (Atal Pension Yojana) অফলাইন এবং অনলাইন, দু’ভাবেই আবেদন করা যায়।
- অফলাইন পদ্ধতি: যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে APY রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হবে। সেখানে নাম, বয়স, আধার নম্বর, মোবাইল নম্বর এবং নমিনির তথ্য পূরণ করে জমা দিতে হবে।
- অনলাইন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে চাইলে এনপিএস ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করা যাবে।
আরও পড়ুনঃ ‘এবার আর হিসেব ভুল নয়…’, ২০২৬ ভোটে কত ব্যবধানে জিতবে তৃণমূল? জানালেন রচনা
এই প্রকল্পের (Atal Pension Yojana) মেয়াদ বৃদ্ধি পাওয়ায় আগামী দিনে আরও বেশি মানুষ নিজেদের বার্ধক্যকালীন জীবন আর্থিকভাবে সুরক্ষিত করার সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে।












