বাংলা হান্ট ডেস্কঃ বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় (Baruipur Rape and Murder Case) নয়া মোড়। মঙ্গলবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে (Baruipur Encounter) মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। এতে খুশি নির্যাতিতা কিশোরীর পরিবার। তাঁর বাবা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের যেমন কথা দিয়েছেন, সেইভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন।
আর কী বললেন বারুইপুরের নির্যাতিতার বাবা? | (Baruipur Rape and Murder Case)
প্রভাসের এনকাউন্টারের খবর শুনে বুধবার নির্যাতিতা কিশোরীর বাবা বলেন, পুলিশ ও সরকারের উপর তাঁদের সম্পূর্ণ আস্থা আছে। মুখ্যমন্ত্রী তাঁদের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ রথে পুরী যাওয়া আরও সহজ! ৩০০-র বেশি স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, স্টেশনেও থাকবে বিশেষ ব্যবস্থা
নির্যাতিতার বাবার কথায়, “পুলিশের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, সরকারের উপরেও ভরসা আছে। মুখ্যমন্ত্রী আমাদের যেমন কথা দিয়েছেন, সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা তাতে খুশি। মুখ্যমন্ত্রীর উপর পুরো আস্থা আছে”।
এরপর পুলিশের এনকাউন্টারে অভিযুক্ত প্রভাসের মৃত্যু প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এনকাউন্টারের বিষয়ে বলতে পারছি না, কারণ আমি সেখানে ছিলাম না। তবে পুলিশের উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। পুলিশ না থাকলে এতদূর এগোতে পারতাম না। এখনও পর্যন্ত মোট চারজন গ্রেফতার হয়েছেন। আরও গ্রেফতার হবেন। দোষীরা শাস্তি পাক, আমরা এটাই চাই। দাদা সেটা মাথায় রেখেছেন ও সেই ভরসা দিয়েছেন”।

বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলেন প্রভাস। সিসিটিভি ক্যামেরায় তাঁর সঙ্গেই নির্যাতিতা কিশোরীকে যেতে দেখা গিয়েছিল এবং তিনিই দেহ কোথায় রয়েছে তা দেখিয়েছিলেন।
গতকাল গভীর রাতে পুলিশের এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়েছে। অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁকে অকুস্থলে নিয়ে যাওয়া হলে তিনি তদন্তকারী আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে পুলিশ গুলি চালালে প্রভাসের মৃত্যু হয়।













