বাংলা হান্ট ডেস্ক : বাসকর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার (West Bengal Government)। এতদিন চালকদের তুলনায় কম বেতন পেতেন সরকারি বাসের কন্ডাক্টররা। সেই বৈষম্য দূর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন সরকারি বাসের উদ্বোধনী মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করলেন, আগামী অগাস্ট মাস থেকেই চালকদের সমান বেতন পাবেন কন্ডাক্টররাও। পাশাপাশি নতুন বাস, ওয়াটার মেট্রো এবং মহিলাদের জন্য বিশেষ সুবিধার মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন তিনি।
পরিবহন নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে ভাতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মী ও পরিষেবার সঙ্গে যুক্তদের আর্থিক সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির পর এবার সরকারি বাসের কন্ডাক্টরদের বেতন নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানানো হল। সোমবার ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সরকারি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বহরে রয়েছে ৪৩টি সিএনজি বাস এবং ৭টি বৈদ্যুতিক বাস।
এদিন মুখ্যমন্ত্রী বেতনের বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আগের সরকার ড্রাইভার কন্ডাক্টদের থার্ড পার্টি দিয়ে নিয়োগ করা হয়েছিল, ২০২৫ সালে চালকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়, আমরা এই বৈষ্যম দূর করব, কন্ডাক্টররাও এবার সমান বেতন। অগাস্ট থেকেই নতুন হারে এই বেতন মিলবে।’শুধু বেতন বৃদ্ধি নয়, রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে আরও এক হাজার নতুন সরকারি বাস যুক্ত হবে রাজ্যের পরিবহণ ব্যবস্থায়।

আরও পড়ুন :২৩ জুলাই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মামলার শুনানি, চাপ বাড়তে পারে সরকারের
উল্লেখ্য, অনুষ্ঠান থেকে আরও একাধিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো।
পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার ওপরও জোর দিয়েছে রাজ্য সরকার। কন্ডাক্টরদের বেতন সমতা থেকে শুরু করে নতুন বাস, নাইট সার্ভিস, ওয়াটার মেট্রো এবং মহিলাদের জন্য বিশেষ সুবিধা—একাধিক ঘোষণার মাধ্যমে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তোলার রূপরেখাই এদিন তুলে ধরল রাজ্য সরকার।













