বাংলা হান্ট ডেস্কঃ বদলের বাংলায় আরও এক এনকাউন্টারের (Encounter) সাক্ষী থাকল রাজ্যবাসী। রবিবার শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলির ঘটনায় ধৃত রতন শেখের এনকাউন্টার হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এই আবহে এনকাউন্টারের সমর্থনে মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি স্পষ্ট জানান, এনকাউন্টারকে ১০০ শতাংশ সমর্থন করেন।
এনকাউন্টারকে সমর্থন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের | (Abhijit Gangopadhyay)
রাজ্যে পালাবদলের পর এই নিয়ে পাঁচটি এনকাউন্টার হয়েছে। বিভিন্ন মহলের প্রশ্ন, এতে কি আদৌ অপরাধের সংখ্যা কমবে? এই পরিস্থিতিতে এনকাউন্টারের সমর্থনে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন বিজেপি সাংসদ।

বিরোধীদের দাবি, কোনও অভিযুক্তকে বিচারব্যবস্থার অধীন নিয়ে না এসে এনকাউন্টার করার প্রবণতা ঠিক নয়। এই বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ বলেন, বিচারব্যবস্থার দ্বারস্থ হলে এই মামলাগুলি শেষ অবধি কবে, কোথায় পৌঁছবে সেটা কেউ জানে না। এদিকে মানুষ ও সাধারণ সমাজের দ্রুত ব্যবস্থা নেওয়ার চাহিদা থাকে। বিচারব্যবস্থার পক্ষে সেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
আরও পড়ুনঃ ৯৫ টাকা অতীত! বাড়ছে রাজ্যের রেশন ডিলারদের কমিশন, নির্দেশিকা খাদ্য দফতরের
এনকাউন্টারকে সমর্থন করে তমলুকের সাংসদ বলেন, “এটা তো কাউকে ইচ্ছাকৃতভাবে বিচারবহির্ভূত হত্যা নয়। তদন্তের জন্য যখন অভিযুক্তকে স্পটে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময়ও সে নিজের অপরাধমনস্কতা ছাড়তে পারছে না। সে গিয়ে পুলিশকে আক্রমণ করছে। ফলে পুলিশকেও পাল্টা ছুড়তে হয়। তখনই দুষ্কৃতীর মৃত্যু হয়।“
এছাড়া এদিন রাজ্য বিজেপির নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নিয়েও মুখ খোলেন অভিজিৎ। তাঁর দাবি, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর দলে যোগদানকারীরাই এই কাণ্ড ঘটাচ্ছে। তবে দল বিষয়টিকে কঠোরভাবে দেখছে। শীঘ্রই তোলাবাজির ট্রেন্ড বন্ধ হবে।
চব্বিশের লোকসভা ভোটের সময় রাজনীতির ময়দানে নাম লিখিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক কেন্দ্রে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে জয়লাভ করেন এই প্রাক্তন বিচারপতি। এবার এনকাউন্টারের সমর্থনে নিজের মতামত পেশ করলেন তিনি।












