বাংলা হান্ট ডেস্কঃ ১৬৪ বছর পর বদলে গেল দেশের প্রাচীনতম হাই কোর্টের (Calcutta High Court) ঠিকানা। বাড়ি একই থাকলেও রাস্তার নাম বদল হওয়ায় নতুন পরিচয় পেল কলকাতা হাইকোর্ট। ব্রিটিশ আমলের ‘এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)’ আর নয়, এবার থেকে ঠিকানা হবে বিচারপতি রাধাবিনোদ পালের নামে।
হাই কোর্টের (Calcutta High Court) নতুন ঠিকানা কী?
১৮৬২ সালের ১ জুলাই স্ট্র্যান্ড রোডের গা ঘেঁষে তৈরি হয় দেশের প্রথম হাই কোর্ট (Calcutta High Court)। সেই থেকেই এসপ্ল্যানেড ছিল এই ঐতিহাসিক ভবনের পরিচিত ঠিকানা। এতদিন ৩ নম্বর এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) ছিল কলকাতা হাই কোর্টের ঠিকানা। এবার সেই ঠিকানা বদলে হয়েছে ৩ নম্বর জাস্টিস রাধা বিনোদ পাল সরণী। বাড়ি বদল হয়নি, বদলেছে রাস্তার নাম। ব্রিটিশ ইতিহাসের ছাপ মুছে এবার এক বাঙালি বিচারপতির নামে নামাঙ্কিত হল রাস্তা।
এই নাম বদলের নেপথ্যে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত বছর দেশের এক প্রতিনিধি দলের সঙ্গে জাপান সফরে গিয়ে তিনি বিচারপতি রাধাবিনোদ পালের প্রতি জাপানের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কাছ থেকে দেখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাস্টিস রাধাবিনোদ পাল।
তিনি একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন। ‘জাপান-বন্ধু ভারতীয়’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। জাপানের ইতিহাসে আজও তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। জাপানের টোকিও শহরে তাঁর নামে রয়েছে জাদুঘর, সড়ক এবং মূর্তি। জাপান বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি রিসার্চ সেন্টারও রয়েছে।

আরও পড়ুনঃ ৮ দফা থেকে ৪? বাংলার ভোটে বড় রদবদলের ইঙ্গিত, শুক্রবার CEO-র সঙ্গে বৈঠক কমিশনের
‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত বিভিন্ন দেশে যে প্রতিনিধি দল পাঠিয়েছিল, তার অংশ হিসেবেই জাপানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশে ফিরে তিনি প্রস্তাব দেন, কোনও একটি রাস্তার নাম জাস্টিস রাধাবিনোদ পালের নামে করা হোক। সেই প্রস্তাবের ভিত্তিতেই পুরসভা রাস্তার নাম বদলে সিলমোহর দেয়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এই নাম বদলের বিজ্ঞপ্তি জারি করে।












