বাংলা হান্ট ডেস্কঃ স্বাস্থ্য সহায়িকাদের বদলি নিয়ে টানাপড়েনের জল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি গড়িয়েছিল। মৌমিতা মাহাতোর নেতৃত্বে বাঁকুড়া ও পুরুলিয়া নিবাসী কয়েকজন স্বাস্থ্য সহায়িকা (Health Assistant) নিজেদের জেলায় বদলির আবেদন নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। এবার সেই মামলায় বিচারপতির নির্দেশ, চাকরিতে তিন বছর না হলেও স্বাস্থ্য সহায়িকারা বদলির আবেদন জানাতে পারবেন। তবে রয়েছে একটি শর্ত।
স্বাস্থ্য সহায়িকাদের বদলি নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ | (Calcutta High Court)
মঙ্গলবার স্বাস্থ্য সহায়িকাদের বদলি সংক্রান্ত মামলাটির নিষ্পত্তি করে বিচারপতি রিশাদ মেডোরা জানান, চাকরিতে তিন বছর পূর্ণ হয়নি, এটা স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদন খারিজ করার একমাত্র কারণ হতে পারে না। তিন বছর হওয়ার আগেও স্বাস্থ্য সহায়িকারা বদলির আবেদন জানাতে পারেন। অনলাইন পোর্টালে না হলে অফলাইনে আবেদন জমা করা যাবে।

তবে হাইকোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য সহায়িকা যে স্বাস্থ্যকেন্দ্র থেকে বদলি চাইছেন, সেখানে তাঁর রিলিভার তথা বিকল্প কর্মী নিশ্চিত করতে হবে। এরপর অনলাইন বা অফলাইনে বদলির আবেদন জানানো যাবে।
আরও পড়ুনঃ ছটপুজোর আগে পুকুরের শুদ্ধিকরণ! ঢালা হল ১০ হাজার লিটার গঙ্গাজল, উদ্বোধনে রাজ্যের মন্ত্রী
স্বাস্থ্য সহায়িকাদের বদলি সংক্রান্ত এই মামলায় মামলাকারীদের অভিযোগ ছিল, তাঁদের নিজেদের জেলায় স্বাস্থ্য সহায়িকার পদ ফাঁকা থাকলেও বদলির আবেদন বিবেচনা করেনি স্বাস্থ্য দফতর। অন্য জেলা থেকে নিজেদের জেলায় বদলির আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।
এর আগে আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদন খতিয়ে দেখে চলতি বছরের জানুয়ারি মাসে খারিজ করে দেন স্বাস্থ্য অধিকর্তা। এরপর সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে নতুন করে মামলা হয়।
মামলার শুনানিতে স্বাস্থ্য সহায়িকাদের আইনজীবী বিশ্বরূপ নন্দীর সওয়াল, চাকরিতে তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে বদলির আবেদন বাতিল করা যায় না। পাল্টা রাজ্য দাবি করে, একটি জেলা থেকে কর্মী সরানো হলে সেখানকার স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা ব্যাহত হতে পারে।
উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাইকোর্টের নির্দেশ, শুধুমাত্র চাকরিতে যোগদানের তিন বছর হয়নি বলে স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদন খারিজ করা যায় না। রিলিভার তথা বিকল্প কর্মী পেলে স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদনে সমস্যা নেই বলে জানিয়েছে আদালত।












