‘চাইলে সুপ্রিম কোর্টে যান’! নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর সিট ভাঙার আবেদনে সিদ্ধান্ত নিল না হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court did not take any decision on CBI SIT dismiss plea
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে (CBI) সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সম্প্রতি সেই সিট ভাঙার আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই নিয়ে কোনও সিদ্ধান্ত নিল না হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, সিবিআই চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে।

সিবিআইয়ের আবেদন শুনতে রাজি হয়নি হাইকোর্ট | (Calcutta High Court)

রাজ্যে শিক্ষক, শিক্ষাকর্মী ও পুরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই। ২০২২ সালে কেন্দ্রীয় এজেন্সিকে বিশেষ তদন্তকারী দল তথা সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সেই সিট ভাঙার আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় সিবিআই।

আরও পড়ুনঃ মহালয়ায় মেগা আয়োজন! শহরের পাঁচ ঐতিহ্যবাহী ঘাটে মহিষাসুরমর্দিনী বাজানোর পরিকল্পনা রাজ্যের

কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে বলা হয়, সিটের হাতে থাকা সিংহভাগ মামলার তদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সেই কারণে এখন তদন্তের জন্য আর সিটের প্রয়োজন নেই। বাকি তদন্ত সিবিআইয়ের দুর্নীতিদমন শাখাই করতে পারবে।

এদিন কেন্দ্রীয় এজেন্সির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী বলেন, গত পাঁচ বছর ধরে এই বিশেষ তদন্তকারী দল কাজ করেছে। এই পাঁচ বছরে কোনও আধিকারিকের পদোন্নতি হয়েছে, কোনও আধিকারিক আবার অবসর নিয়েছেন। তাঁরা সিট থেকে বের না হলে বিষয়গুলি আটকে থাকছে।

সিবিআইয়ের বক্তব্য শুনে বিচারপতি সিনহা জানতে চান, তদন্তে কী উঠে এসেছে? তদন্ত বর্তমানে কোন পর্যায়ে রয়েছে? মামলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করেন তিনি।

অন্যদিকে চাকরিপ্রার্থীদের একাংশের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম কেন্দ্রীয় এজেন্সির এই পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রাথমিকের তদন্ত সম্পন্ন না করে সিট ভেঙে দেওয়া অত্যন্ত দুশ্চিন্তার। তাঁদের প্রশ্ন, তদন্ত না করলে বিশেষ তদন্তকারী দল কেন করা হয়েছিল?

Calcutta High Court

সবপক্ষের সওয়াল জবাব শোনার পর নিয়োগ দুর্নীতি মামলায় সিট ভাঙা নিয়ে সিবিআইয়ের আবেদন শুনতে রাজি হয়নি হাইকোর্ট। বিচারপতি সিনহা বলেন, “এই ধরণের মামলার শুনানির উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আছে। এই পরিস্থিতিতে হাইকোর্ট কী করবে? সিবিআই যদি চায়, সুপ্রিম কোর্টে আবেদন করুক।“

কলকাতা হাইকোর্ট জানায়, আপাতত এই মামলা শুনানি তালিকার বাইরে পাঠানো হচ্ছে। এরপর সিবিআইয়ের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়, সেটাই দেখার।