বাংলা হান্ট ডেস্কঃ বাড়ি ভাঙার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন ফলতার ‘পুষ্পা’ তথা তৃণমূল নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan)। শুক্রবার সেই মামলা শুনানির জন্য উঠলে বাড়ি ভাঙার কাজে স্থগিতাদেশ দিল আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী সোমবার অবধি বাড়ি ভাঙা যাবে না। ওইদিনই মামলার পরবর্তী শুনানি হবে।
‘পুষ্পা’র বাড়ি ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টের | (Calcutta High Court)
এদিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, মামলাকারী জেলে থাকলে ওই বাড়িটি যে তাঁরই তা কীভাবে চিহ্নিত করা হল? বাড়ি ভাঙার আগে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মানা হয়েছিল? মানা হলে নোটিশ কোথায়?

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র জানান, দু’জন স্থানীয় বাসিন্দা ওই বাড়িটি চিহ্নিত করেছিলেন। তবে তার আগে পোস্টের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ DA বৃদ্ধির পর সরকারি কর্মীদের HRA নিয়ে আপডেট! একধাক্কায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব
পাল্টা জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, যে নোটিশের কথা বলা হচ্ছে সেখানে কোনও সই নেই। এমনকি নথিপত্রে ওই বাড়ির ঠিকানা থাকলেও তাঁর মক্কেল অন্যত্র থাকতেন বলে দাবি করেন কিশোর। পাশাপাশি তাঁর অভিযোগ, বৃহস্পতিবার বাড়ি ভাঙা সংক্রান্ত মামলা দায়েরের পর বাড়ি ভাঙার কাজের গতি বাড়িয়ে দেওয়া হয়, কর্মীসংখ্যাও বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছিল।
যদিও রাজ্যের তরফে দাবি করা হয়, বাড়ি ভাঙার আগে দেওয়ালে নোটিশ সাঁটানোর ভিডিও থেকে শুরু করে বাড়ি ভাঙার ভিডিও ফুটেজ প্রশাসনের কাছে রয়েছে। জেলা পরিষদও জানিয়েছে ওই বাড়িটির কোনও অনুমোদিত নকশা ছিল না। শুরু থেকেই জাহাঙ্গির সবটা জানতেন। এমনকি নোটিশ জারির বিষয়েও তাঁর জ্ঞান ছিল বলে দাবি করেন অ্যাডভোকেট জেনারেল।
উভয়পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি ঘোষের নির্দেশ, রাজ্যকে যাবতীয় ভিডিও ফুটেজ আদালতে জমা করতে হবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ওইদিন অবধি জাহাঙ্গিরের বাড়ি ভাঙা যাবে না।
ফলতার একসময়কার ত্রাস জাহাঙ্গির খান বর্তমানে জেলবন্দি। তাঁর বাড়ি সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি সেই বাড়ি ভাঙা শুরু হতেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আগামী সোমবার অবধি বাড়ি ভাঙা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।












