‘বৈধ বিয়ে’ ছাড়াও ৪৯৮এ ধারা প্রযোজ্য! বধূ নির্যাতন নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court says legal marriage is not mandatory for invoking IPC 498A
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বধূ নির্যাতন ধারা প্রয়োগ করার জন্য ‘ত্রুটিহীন’ ও ‘আইনগতভাবে বিয়ে’ থাকা বাধ্যতামূলক নয়। প্রাথমিক তথ্যপ্রমাণে যদি বিয়ের মতো ঘরোয়া সম্পর্ক ও নিষ্ঠুরতার অভিযোগের ইঙ্গিত পাওয়া যায় তাহলে সেখানে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ (IPC 498A) ধারায় মামলা চলবে। এবার একটি মামলায় এমনই রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি উদয়কুমার এই রায় দিয়েছেন।

বধূ নির্যাতন নিয়ে যুগান্তকারী রায় হাইকোর্টের | (Calcutta High Court)

সম্প্রতি বিচারপতি উদয়কুমারের এজলাসে মামলা করেন এস কে আজহারউদ্দিন ওরফে আকাশ নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছিল। এর বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এই রায় দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ ‘জ্ঞান না দিয়ে নিজের বুথ দেখুন!’ ফেসবুক বিপ্লবীদের কড়া ‘দাওয়াই’ সিপিএমের একমাত্র বিধায়কের

মামলাকারী আকাশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনেছিলেন জয়া রায় ওরফে কোয়েল বেগম। অভিযোগে ধর্মান্তকরণের বিষয়ও ছিল। জয়ার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে তাঁর বিবাহবিচ্ছেদের পর আকাশের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযুক্ত সেই সময় নিজেকে অনাথ ও অবিবাহিত হিসেবে পরিচয় দিয়েছিলেন। পরবর্তীতে তিনি জয়াকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ের মতো সম্পর্কে জড়ানোয় প্ররোচনা দেন বলে অভিযোগ। পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, নিষ্ঠুরতা ও তোলাবাজির মতো অভিযোগ আনেন নির্যাতিতা।

এরপর তাঁর বিরুদ্ধে যে ফৌজদারি মামলা দায়ের হয়েছিল সেটির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত আকাশ। বর্ধমান থানার একাধিক মামলার উদাহরণ দিয়ে চার্জশিট খারিজ করার আবেদন জানান তিনি। নিম্ন আদালতে জয়ার মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েও অবশ্য তাঁর কোনও লাভ হয়নি। ওই মামলা খারিজ করে বিচারপতি উদয়কুমার জানান, প্রাথমিক পর্যায়ে শুধু বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সম্পূর্ণ ফৌজদারি প্রক্রিয়া বন্ধ করা যায় না।

Calcutta High Court

হাইকোর্ট স্পষ্ট জানায়, অভিযোগের মধ্যে বিয়ের মতো সম্পর্কের উপাদান আছে। সেই কারণে উচ্চ আদালতের হস্তক্ষেপ করার কোনও কারণ নেই। মামলাকারীর বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলবে বলে জানিয়ে দেন বিচারপতি।

এই মামলায় বধূ নির্যাতনের ধারা প্রয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটিকে ঐতিহাসিক বলে মনে করছেন অনেকে। আগামীদিনে সমগোত্রীয় মামলার ক্ষেত্রে রায়টি নজিরও হতে পারে বলে অনুমান।