অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার ফুটের মধ্যে মদের দোকান নয়! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court says no liquor shop within thousand feet of Anganwadi centres

বাংলা হান্ট ডেস্কঃ শিশুদের শিক্ষা ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্গনওয়াড়ি তথা আইসিডিএস কেন্দ্রগুলি (Anganwadi Centre)। মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সেগুলিকেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে। এবার স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশ, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাজার ফুটের মধ্যে নতুন করে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না।

বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের | (Calcutta High Court)

হুগলির সরাই-তিন্না পঞ্চায়েতের অধীনস্থ মৌজা তিন্নায় একটি বিলিতি মদের দোকান ছিল। ওই দোকানের মালিক ভাড়া নেওয়া জায়গা থেকে নিজের জমিতে দোকানটি সরাতে চেয়েছিলেন। তবে অনুমতি দেয়নি আবগারি দফতর।

Calcutta High Court

আবগারি দফতরের বক্তব্য অনুযায়ী, ওই জমিটির এক হাজার ফুটের মধ্যে একটি আইসিডিএস কেন্দ্র রয়েছে। ফলে সেখানে মদের দোকানের অনুমতি মিলবে না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন সংশ্লিষ্ট দোকানটির মালিক।

আরও পড়ুনঃ হাইকোর্টে দোষী সাব্যস্ত, স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট! আদালত অবমাননার মামলায় স্বস্তি কুণালের

সেই মামলার শুনানিতে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, কোনও মদের দোকানের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে। ফলে রাজ্য আবগারি বিধি অনুযায়ী এর এক হাজার ফুটের মধ্যে নতুন করে কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না।

হাইকোর্টের বক্তব্য, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল, তিন বছর থেকে ছয় বছর বয়স অবধি শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া। এই কেন্দ্রগুলি শিশুদের শিক্ষা ও বিকাশের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই গণ্য করতে হবে।

রাজ্য আবগারি বিধি অনুসারে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের এক হাজার ফুটের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। সেই অনুযায়ী মদের দোকান সংক্রান্ত এই মামলায় আবগারি দফতরের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট।

শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই বিষয়টি উল্লেখ করে ও রাজ্য আবগারি বিধির দিকে নজর রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান থাকবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।