বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে NEET পরীক্ষা নিয়ে বিতর্ক এখনও থামেনি। প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যেই এবার সামনে এল নম্বর নিয়ে নতুন বিতর্ক। এক পরীক্ষার্থীর দাবি, তাঁর OMR শিট ও অফিসিয়াল অ্যানসার কি অনুযায়ী অনেক বেশি নম্বর পাওয়ার কথা ছিল। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় নম্বর অনেক কম। এনটিএর কাছে বারবার অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় শেষ পর্যন্ত তিনি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন।
NEET নম্বর বিতর্কে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)
নিট-ইউজি পরীক্ষার ফলাফল নিয়ে বড় অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছেন এক পরীক্ষার্থী। তাঁর দাবি, পরীক্ষার উত্তরপত্র এবং প্রকাশিত অ্যানসার কি অনুযায়ী তাঁর প্রাপ্ত নম্বর হওয়ার কথা ৬৫৯ থেকে ৬৬১-এর মধ্যে। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ফল প্রকাশ করার পর দেখা যায়, তিনি পেয়েছেন মাত্র ২৮৯ নম্বর।
মামলাকারীর অভিযোগ, তাঁর OMR শিট এবং অ্যানসার কি-র মধ্যে কোনও অসঙ্গতি নেই। তা সত্ত্বেও ফলাফলে এত বড় ব্যবধান কীভাবে তৈরি হল, সেই প্রশ্নই তিনি তুলেছেন। তাঁর বক্তব্য, প্রায় ৩৭০ নম্বরের এই পার্থক্য কোনও সাধারণ ভুল নয়। পরীক্ষার্থী জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার এনটিএর সঙ্গে যোগাযোগ করেছিলেন। নম্বর পুনরায় খতিয়ে দেখার এবং OMR যাচাইয়ের আবেদনও করেছিলেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, সেই আবেদন থেকে কোনও ফল মেলেনি। এরপরই তিনি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
মামলাটি আদালতে ওঠার পর কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এনটিএর কাছে ব্যাখ্যা চেয়েছে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানিতে নির্দেশ দেন, আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষার আয়োজক সংস্থাকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

আরও পড়ুনঃ E20 পেট্রোলে কি সত্যিই গাড়ির ক্ষতি হচ্ছে? সংসদে স্পষ্ট জবাব কেন্দ্রের
আদালতের (Calcutta High Court) পর্যবেক্ষণ, বর্তমানে NEET-এর কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। তাই বিষয়টির দ্রুত নিষ্পত্তি জরুরি। সেই কারণেই এনটিএকে দ্রুত জবাব দিতে বলা হয়েছে। আগামী শুনানিতে সংস্থাকে জানাতে হবে, পরীক্ষার্থীর দাবি অনুযায়ী নম্বরের এত বড় অমিল কেন দেখা গেল এবং এই অভিযোগের প্রেক্ষিতে তাদের বক্তব্য কী।













