বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মে বদল আনা হয়েছে। পাশাপাশি পিএম কিষাণ যোজনার সুবিধা পেলে কৃষক বন্ধুর সুবিধা পাওয়া যাবে কিনা সেটাও স্পষ্ট করে দেন তিনি।
পিএম কিষাণ যোজনা ও কৃষক বন্ধুর সুবিধা একসঙ্গে মিলবে? | (Krishak Bandhu)
এদিন কৃষিমন্ত্রী বলেন, কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হওয়ার জন্য আরও ১০ দিন সময় বাড়ানো হচ্ছে। ফলে এখনও অবধি যারা আবেদন করেননি, তাঁদের কাছে আরও ১০ দিন সময় রয়েছে।
আরও পড়ুনঃ ভোটে হারতেই রাজনীতি থেকে দূরত্ব! অন্তরালে চলে যাওয়ার কারণ জানালেন দেবাংশু
পাশাপাশি দুধকুমার জানান, আগে একই পরিবারের একাধিক সদস্য কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। সম্প্রতি সেই নিয়মে বদল এসেছে। এবার থেকে একটি পরিবারের একজন সদস্যই এর সুবিধা পাবেন। জমির পরিমাণের উপর ভিত্তি করে আর্থিক সহায়তার পরিমাণে বিভাজনের কথাও জানিয়েছেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, যেসব কৃষকের ৪০ শতকের কম জমি রয়েছে, তাঁদের বছরে ৪ হাজার টাকা করে দেওয়া হবে। ৪০ শতকের বেশি জমি থাকলে আরও ৬ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।
তবে দুধকুমার স্পষ্ট জানিয়েছেন, যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন, তাঁরা পিএম কিষাণ যোজনার সুবিধা পাবেন না। পাশাপাশি চা বাগানের শ্রমিকদের কীভাবে সরাসরি সহায়তার অধীন নিয়ে আসা যায়, সেই বিষয়েও ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি।

এছাড়া সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএম কিষাণ পাওয়া কৃষকদের রাজ্যের তরফে অতিরিক্ত ৩ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বছরে ৬ হাজারের বদলে, ৯ হাজার টাকা পাবেন তাঁরা। সেই কারণে কৃষক বন্ধুর উপভোক্তাদের তথ্য পিএম কিষাণ যোজনার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কোন কোন উপভোক্তা পিএম কিষাণ যোজনার অধীন রয়েছে, সেটা কৃষক বন্ধু পোর্টালের মাধ্যমে চিহ্নিত করার কাজ চলছে।
রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষক বন্ধু প্রকল্পও এমনই একটি স্কিম। এবার সেই প্রকল্পের নিয়মেই বেশ কিছু বদল আনার ঘোষণা করলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।













