বাংলা হান্ট ডেস্কঃ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাঁচটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ৭৭,১০১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে কৃষকদের সারে ভর্তুকি, মেট্রো পরিষেবার সম্প্রসারণ এবং ছোট ব্যবসায়ীদের ঋণের সুবিধা। এছাড়াও দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে নতুন মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Central Government : কোন পাঁচটি প্রকল্পে মিলল অনুমোদন?
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এই সিদ্ধান্তগুলির কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাঁচটি প্রকল্পের মধ্যে রয়েছে –

কৃষকদের সারে ৬২,৩৭০ কোটি টাকা ভর্তুকি : কৃষকদের জন্য সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। রবি মরশুমে সারের দাম কম রাখতে ৬২,৩৭০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এর ফলে কৃষকরা কম দামে সার কিনতে পারবেন।
বাড়ছে নয়ডা মেট্রো : নয়ডা থেকে গ্রেটার নয়ডা পর্যন্ত মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে খরচ হবে ২,৩৯০ কোটি টাকা। নয়ডার সেক্টর ৫১ থেকে গ্রেটার নয়ডার সেক্টর ৪ পর্যন্ত প্রায় ৮.৫ কিলোমিটার নতুন মেট্রো লাইন তৈরি হবে। এতে দুই এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে।
আরও পড়ুনঃ অষ্টম পে কমিশন চালুর আগে অবসর নিলে কি টাকা পাবেন? পেনশন ও এরিয়ারের নিয়ম জানুন
দিল্লিতে তৈরি হবে নতুন মিউজ়িয়াম : দেশের ইতিহাস ও ঐতিহ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে দিল্লির নর্থ ও সাউথ ব্লকে তৈরি হবে ‘যুগে যুগে ভারত’ মিউজ়িয়াম। এই কাজের জন্য ৩,২৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেখানে ভারতের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আরও পাঁচ বছর চলবে মুদ্রা যোজনা : ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। এই প্রকল্পের ক্রেডিট গ্যারান্টি ফান্ডের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এর মাধ্যমে ছোট ব্যবসায়ীরা ঋণ পাওয়ার সুবিধা পান।
স্ট্যান্ড আপ ইন্ডিয়াতেও বাড়ল মেয়াদ : স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের ক্রেডিট গ্যারান্টি ফান্ডের মেয়াদও আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে। এই খাতে ৪,১১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলারা যাতে নতুন ব্যবসা শুরু করার জন্য ঋণ পান, সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছিল।
এই পাঁচটি সিদ্ধান্তের মাধ্যমে কৃষি, ব্যবসা, পরিবহণ এবং দেশের ইতিহাস সংরক্ষণের মতো একাধিক ক্ষেত্রে অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার (Central Government)। সব মিলিয়ে প্রকল্পগুলির জন্য বরাদ্দের পরিমাণ ৭৭,১০১ কোটি টাকা।












