বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছে। যদিও সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর আশার আলো দেখেছেন অনেকে। এই আবহে মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত নয়া আপডেট সামনে আসছে। যদিও তা বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়, বরং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।
ডিএ (Dearness Allowance) বেড়ে ৬৩ শতাংশে পৌঁছতে পারে!
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’দফায় ডিএ বাড়ানো হয়। প্রথম দফা জানুয়ারি ও দ্বিতীয় দফা জুলাই থেকে কার্যকর হয়। যদিও সেই ঘোষণা মূলত হোলি ও দিওয়ালির আশেপাশে হয়ে থাকে। শেষবার মাত্র ২ শতাংশ হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছিল। দ্বিতীয় দফায় কত হারে বাড়বে এই নিয়ে চর্চা-আলোচনা অব্যাহত। এর মাঝেই জানা যাচ্ছে, ৩% হারে ডিএ বৃদ্ধি করতে পারে সরকার।
বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে নয়া হার কার্যকর হয়েছে। এরপর জুলাই থেকে দ্বিতীয় দফা লাগু হওয়ার কথা। তার আগে সিপিআই-আইডব্লু সূচকের দিকে নজর রেখে মনে করা হচ্ছে, ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে। শেষ অবধি এমনটা হলে লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীর সুরাহা হবে বলে অনুমান।
আরও পড়ুনঃ একধাক্কায় বেতন বাড়ল প্রায় ৫০%! রাজ্যের এই কর্মীদের নিয়ে বড় ঘোষণা সরকারের
এখন প্রশ্ন হল, ৬৩ শতাংশ হারে ডিএ দেওয়া হলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মী মাসে মাসে বাড়তি কত টাকা পাবেন? সেক্ষেত্রে বলে রাখি, যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর মূল বেতন ১৮ হাজার টাকা হয়, তাহলে তিনি বর্তমানে মাসিক ১০,৮০০ টাকা ডিএ পান। এবার মহার্ঘ ভাতা বাড়িয়ে ৬৩ শতাংশ করা হলে এই অর্থ বেড়ে দাঁড়াবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ বাড়তি ৫৪০ টাকা লাভ হবে তাঁদের।

একইরকমভাবে লাভবান হবেন পেনশনভোগীরাও। এক্ষেত্রে বর্তমানে যেসব পেনশনার নূন্যতম ৯ হাজার টাকা পাচ্ছেন তাঁদের ডিআরের পরিমাণ মাসিক ৫৪০০ টাকা। এবার মহার্ঘ ভাতা বাড়িয়ে ৬৩ শতাংশ করা হলে তা ৫৬৭০ টাকা হবে। অর্থাৎ মাসে মাসে বাড়তি ২৭০ টাকা করে পাবেন তিনি।













