বাংলা হান্ট ডেস্কঃ রবি চাষের মরশুমে কৃষকদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সারের দামে ভর্তুকি (Fertilizer Subsidy) উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চ অবধি এই ভর্তুকি কার্যকর থাকবে। ফলে শীতকালীন চাষের ক্ষেত্রে কৃষকদের খরচ অনেকটা কমবে।
৬৪ শতাংশ বাড়ানো হল সারের ভর্তুকি | (Fertilizer Subsidy)
বিগত প্রায় ৯ মাস ধরে যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় অশান্ত পরিস্থিতি। এদিকে ওই পথ দিয়েই সার আমদানি করে ভারত। ফলে দেশের সার আমদানিতে জোর ধাক্কা লেগেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। এই পরিস্থিতিতে সারের ভর্তুকি একধাক্কায় ৬৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী তথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কিছুদিন পর থেকেই রবি চাষের মরশুম শুরু হবে। এর জন্য দরকার প্রায় ৩৫ মিলিয়ন টন সার।
আরও পড়ুনঃ DA বৃদ্ধির পর ফের চমক! সরকারি কর্মীদের জন্য জারি নতুন নির্দেশিকা
এদিকে বর্তমানে দেশে প্রায় ২৩.৫ মিলিয়ন টন সার মজুত আছে। কৃষকরা যাতে সেই সার সুলভ দামে কিনতে পারেন সেই জন্য সারের দামে ব্যাপক ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতে আলাদা করে ৬২ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার।
প্রতি কেজি নাইট্রোজেনে ৯৪.২১ টাকা, ফসফরাসের ক্ষেত্রে ৬৬.১১ টাকা, সালফারে ১০.৪২ টাকা ও পটাশে ২.৩৮ টাকা ভর্তুকি স্থির করা হয়েছে। জানা গিয়েছে, আগামী বছরের মার্চ মাস অবধি এই ভর্তুকি কার্যকর থাকবে। এর ফলে রবি চাষের মরশুমে কৃষকদের খরচ অনেকটা কমতে পারে।
এদেশে কৃষিকাজের জন্য যতটা সার দরকার হয়, তার প্রায় ৪০ শতাংশই বাইরে থেকে আমদানি করতে হয়। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে সেই আমদানি ধাক্কা খেয়েছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন বহু কৃষক। এই পরিস্থিতিতে তাঁদের সুবিধার্থে সারের দামে ব্যাপক ভর্তুকির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এই পদক্ষেপের ফলে দেশের কোটি কোটি কৃষক উপকৃত হবেন।












