বাংলা হান্ট ডেস্কঃ পড়ুয়ারাই দেশের ভবিষ্যৎ। তাঁদের জন্য বিভিন্ন সময় নানা প্রকল্প চালু করেছে সরকার। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের দেশের নামি কোম্পানিগুলিতে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার জন্য যেমন পিএম ইন্টার্নশিপ স্কিম (PM Internship Scheme) চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে (Government Scheme) কারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা কী কী জেনে নেওয়া যাক।
পিএম ইন্টার্নশিপ স্কিমের খুঁটিনাটি- (PM Internship Scheme)
সম্প্রতি এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের যোগ্যতার মানদণ্ড বদল হয়েছে। আগের শর্ত ছিল, আবেদনকারী পড়ুয়া যেন নিয়মিত পড়াশোনায় যুক্ত না থাকে। তবে বর্তমানে সেই নিয়মে বদল আনা হয়েছে। এখন ১৮-২৫ বছর বয়সী স্নাতক ও স্নাতকোত্তরের শেষ বর্ষের ছাত্রছাত্রীরা দেশের নামকরা সংস্থাগুলিতে ইন্টার্নশিপের আবেদন জানাতে পারবেন। PMIS পোর্টালের মাধ্যমে তাঁদের আবেদন জানাতে হবে।
আরও পড়ুনঃ দামি বাইক চালাতে চান? বিরাট ঘোষণা
পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদনের যোগ্যতা
এই সরকারি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে। সেগুলি হল, আবেদনকারীর বয়স ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। তাঁকে স্নাতক অথবা স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পড়ুয়া হতে হবে কিংবা নিজের পড়াশোনা সম্পন্ন করা হতে হবে। আবেদনকারী কর্মরত হলে চলবে না। আবেদনকারীর মা-বাবা কিংবা স্বামী-স্ত্রী কেউ সরকারি চাকরি করলে হবে না। এছাড়া আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের বেশি হওয়া যাবে না।
পিএম ইন্টার্নশিপ স্কিমের সুবিধা
কেন্দ্রের এই প্রকল্পের একাধিক সুবিধা রয়েছে। যোগদানের সময় এককালীন ৬ হাজার টাকা এবং এক বছরের জন্য প্রতি মাসে ৯ হাজার টাকা করে পাওয়া যায়। সেই সঙ্গে ২৫টিরও বেশি সেক্টরে ইন্টার্নশিপ করার সুযোগ পায় পড়ুয়ারা এবং কোম্পানির তরফ থেকেও বাড়তি সুবিধা পান তাঁরা।

তবে পিএমআইএস তথা পিএম ইন্টার্নশিপ স্কিমে আবেদনের সময় আবেদনকারী পড়ুয়াকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি এনওসি জমা করতে হয়। একইসঙ্গে তাঁদের নিশ্চিত করতে হয়, এই ইন্টার্নশিপের সুযোগ তাঁদের পড়াশোনায় কোনও রকম ব্যাঘাত ঘটাবে না।
পড়াশোনার পাশাপাশি দেশের নামি কোম্পানিগুলিতে ইন্টার্নশিপের সুযোগ বহু পড়ুয়া চায়। কারণ এর মাধ্যমে হাতেকলমে কাজ শেখার সুযোগ মেলে। ছাত্রছাত্রীদের সেই ইচ্ছাই যেন বাস্তবায়িত করছে পিএম ইন্টার্নশিপ প্রকল্প।













