শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) আন্তর্জাতিক অভিষেকের। মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়ে শচীনের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে তাকে দলে জায়গা দিয়েছেন নির্বাচকরা। এবার তাকে নিয়ে মারাত্মক মন্তব্য করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার ডেল স্টেইন (Dale Steyn)।

শচীনকে ছাপিয়ে যাবেন সূর্যবংশী:

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালস তারকা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার এই গতিদানব বলেছেন, “বৈভব সূর্যবংশী সত্যিই অসাধারণ এক প্রতিভা। এই মুহূর্তে তিনি অনেক আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়েও ভালো খেলছেন। তিনি এক বিস্ময়-বালক এবং ভারতের জন্য এক অমূল্য সম্পদ। নিজের কেরিয়ারের শেষে তিনি শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির সম্মিলিত উচ্চতাকেও ছাড়িয়ে যাবেন।”

তবে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার কপিল দেব বিষয়টিকে অন্যভাবে দেখছেন। ১৬ বছর বয়সে শচীন যখন ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তখন কপিল দেব ভারতীয় দলের একজন সিনিয়র তারকা। দলে শচীনের অভিভাবকের মতন আচরণ ছিল তার। আর এখন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকা পালন করা কপিলও বৈভবকে নিয়েও একই রকম সতর্ক থাকতে চাইছেন।

আরও পড়ুন: কোহলি, রোহিত থাকা সত্ত্বেও শুভমানকে অধিনায়কত্ব দিয়ে ভুল করেছে BCCI! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় ওপেনার

এত কম বয়সে বৈভবের ভারতীয় দলে ডাক পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে কপিল বলেছেন, “বৈভব সূর্যবংশী নিঃসন্দেহে এক বিশেষ প্রতিভার অধিকারী; তাকে সময় দেওয়া প্রয়োজন, তবে সে ইতিমধ্যেই তার সেই প্রতিভার প্রমাণ দিয়েছে। আমার মতে সে অসাধারণ, কিন্তু ভারতীয় দলে নিজের অবস্থান ধরে রাখা এবং ফিটনেস বজায় রাখার মতো বিষয়গুলোও তাকে সামলাতে হবে। এরপর বাকি সবকিছুই সময়ের সাথে সাথে আসবে। সে কতটা মনোযোগী থাকতে পারবে, তার উত্তর কেবল সে-ই দিতে পারে; তবে আমার কাছে সে এক বিশেষ প্রতিভা। এই তরুণকে সম্মান জানানোয় কোনো দোষ নেই, কিন্তু এই পর্যায়ে তার কাছে অতিরিক্ত কিছু আশা করাটা ঠিক হবে না।”

আরও পড়ুন: প্রয়োজন মাত্র ৪৩ রান! ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেলবেন শুভমান গিল, পেছনে ফেলবেন এই তারকাকে

এই প্রসঙ্গে একই ধারণা পোষণ করেন বৈভব সূর্যবংশীর পিতা সঞ্জীব সূর্যবংশী। শচীনের সঙ্গে নিজের ছেলের তুলনায় প্রসঙ্গ উঠলে তিনি মন্তব্য করেছেন, “দেখুন, এখনই বৈভবকে শচীন বা ব্র্যাডম্যানের সাথে তুলনা করা একেবারেই ঠিক কাজ নয়। এই কিংবদন্তিরা এত দীর্ঘ সময় ধরে খেলেছেন এবং এত অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়েছেন যা কল্পনা করলেই চমকে উঠতে হয়। এই মুহূর্তে বৈভব তাদের পায়ের ধুলোর সমানও নয়। এই তুলনা করা উচিত নয়।”