বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে আবারও নতুন মোড় নিল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার এখনও বকেয়া মহার্ঘ ভাতা না দেওয়ায় এবার আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফেই এই মামলা করা হয়েছে। একই সঙ্গে বকেয়া ডিএ-সহ একাধিক দাবিতে আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছে।
বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা
বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, গত মাসেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
কিন্তু সেই নির্দেশের পরেও রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ কর্মচারী সংগঠনের। এই কারণেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এই মামলার উল্লেখ দেখা গিয়েছে। তবে ঠিক কবে এই মামলার শুনানি হবে, তা এখনও স্পষ্ট নয়।
১৩ মার্চ ধর্মঘটের ডাক
এই পরিস্থিতির মধ্যেই আগামী ১৩ মার্চ (শুক্রবার) রাজ্যের একাংশ সরকারি কর্মচারী ধর্মঘটের ডাক দিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, বকেয়া ডিএ-সহ বিভিন্ন দাবিতে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আদালতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সংগঠনের তরফে মোট চারটি প্রধান দাবি সামনে আনা হয়েছে। সেগুলি হল –
১) সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে হবে।
২) যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।
৩) সরকারি দফতরে প্রায় ছয় লক্ষ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করতে হবে।
৪) সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে।
ধর্মঘট সফল করতে রাজ্যজুড়ে কর্মসূচি
ধর্মঘট সফল করতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি শুরু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিভিন্ন এলাকায় পোস্টার ও ফ্লেক্স লাগানো হচ্ছে। সংগঠনের আহ্বায়ক জানিয়েছেন, মঙ্গলবার ডুয়ার্স কন্যার সামনেও ধর্মঘটের সমর্থনে ব্যানার লাগানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ধর্মঘট যাতে সর্বাত্মক হয়, সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এতে যোগ দেওয়ার আবেদন জানানো হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের আগেই বড় ধাক্কা! বদলাতে হল হুমায়ুন কবীরের দলের নাম, কেন?
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, যে সরকার সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে দেরি করে এবং কর্মচারীদের প্রাপ্য ডিএ (Dearness Allowance) দেয় না, তাদের বিরুদ্ধে অসহযোগিতাই হওয়া উচিত। সেই বার্তাই ধর্মঘটের মাধ্যমে তুলে ধরতে চাইছে সংগঠন।












