বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬-র জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। সবাই এখন কবে থেকে নয়া পে কমিশন কার্যকর হয় সেই অপেক্ষায়। অষ্টম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীদের বেসিক পে বিপুল ভাবে ‘রিভাইজড’ হবে। ভাতাও বাড়বে। একই সঙ্গে সকলের মনে প্রশ্ন রয়েছে এবার কি বেসিক পে বা মূল বেতনের সঙ্গে মিলে যাবে ডিএ (Dearness Allowance)? এই সব নিয়ে জল্পনার মাঝেই এবার উঠল বড় দাবি।
ডিএ আর বেসিক পে মিলে যাবে? Dearness Allowance
ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) সম্প্রতি অষ্টম বেতন কমিশনের চেয়ারপারসন, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে চিঠি লিখে ১ জানুয়ারী, কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৫০% মহার্ঘ্য ভাতা (DA) মূল বেতনের সাথে মিলিয়ে দেওয়ার এবং অন্তর্বর্তীকালীন ত্রাণের দাবি জানিয়েছে।
এফএনপিও অন্তর্বর্তীকালীন ত্রাণ ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতাকে মূল বেতন বা পেনশনের সাথে মিলিয়ে দেওয়ার সুপারিশ করেছে। এর পেছনে এফএনপিও-র যুক্তি, টেকসই মুদ্রাস্ফীতি প্রকৃত মজুরি হ্রাস করেছে এবং যার ফলে কর্মী এবং পেনশনভোগীদের ক্রয় ক্ষমতা কমেছে। তাই বেসিক পে বা মূল বেতনের সঙ্গে ডিএ জুড়ে দেওয়ার দাবি তোলা হয়েছে।
উল্লেখ্য, বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দাবি ছিল, মহার্ঘ ৫০ শতাংশ অতিক্রম করলে তা মূল বেতনের সঙ্গে কেন্দ্রীভূত করা হোক। প্রতি ১০ বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার সময় এই দাবি ওঠার জোরালো সম্ভাবনা ছিলই।

আরও পড়ুন: হোলিতে ছুটি বাড়ছে? ৩ ও ৪ মার্চ ব্যাঙ্ক খোলা না বন্ধ, দেখে নিন আপডেট তালিকা
বর্তমানে ৫৮ % হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। ডিএ ও মূল বেতন মিশে গেলে, যদি কোনও সরকারি কর্মীর মূল বেতন ৫০০০০, টাকা হয় এবং ডিএ ৫০% হয়, অতিরিক্ত ২৫,০০০ ডিএ হিসেবে মেলে। যার ফলে মোট বেতন তখন অন্যান্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে ৭৫০০০ হয়ে যাবে। দাবি উঠলেও সরকার কি সিদ্ধান্ত নেয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায়।












