বাংলা হান্ট ডেস্কঃ খুব শীঘ্রই ফের একবার সরকারি কর্মীদের সুখবর দিতে পারে কেন্দ্র। বাংলায় বকেয়া ডিএ নিয়ে তুমুল চর্চার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে (Dearness Allowance) পারে আরও একবার। শীঘ্রই ডিএ বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক রিপোর্টে অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে।
ফের এক দফায় ডিএ বৃদ্ধি বাড়বে কেন্দ্রের কর্মীদের | Dearness Allowance
মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ৩% বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের শ্রম ব্যুরো জুন ২০২৬-এর সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক- শিল্প শ্রমিক (এআইসিপিআই-আইডব্লিউ)-এর পরিসংখ্যান প্রকাশ করার পর এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
শ্রম ব্যুরোর একটি টুইট অনুসারে, এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার ফলে গত ১২ মাসের গড় সূচক ১৪৮.৬৫ হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬%। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩.৭৬% ডিএ মানে ৬৩ শতাংশ ডিএ-র আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ডিএ-এর প্রকৃত বৃদ্ধি কী হবে তা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও ঘোষণা অনেক পরেও হতে পারে। মূলত অক্টোবরে উৎসবের মাসে এই ঘোষণা হয়।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গ নিয়ে ভয় ধরানো আপডেট দিল আবহাওয়া দপ্তর
২০২৬ সালের জানুয়ারিতে ডিএ ২% বৃদ্ধি করা হয়েছিল। জুনে সম্ভাব্য ৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সপ্তম পে কমিশনের আওতায় থাকা সকল কর্মচারীর জন্য মোট ডিএ বৃদ্ধি কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৭ম সংশোধনীর অধীনে মহার্ঘ ভাতা পেতে থাকবেন। যতদিন না পর্যন্ত অষ্টম পে কমিশনের বেতন কাঠামো কার্যকর করা হয়।
















