বাংলা হান্ট ডেস্কঃ সব ঠিক থাকলে আগামী ৫ ফেব্রুয়ারী অন্তর্বর্তীকালীন বাজেট (State Budget) পেশ করবে রাজ্য সরকার। শিয়রে বিধানসভা নির্বাচন, ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করা হবে। তার আগে একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) প্রদান, সপ্তম বেতন কমিশন সহ একাধিক দাবি তুলে চিঠি দেওয়া হয়েছে।
বাজেটের আগে ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের পদক্ষেপ | Dearness Allowance
২০২৬ সাল শুরু হয়ে গিয়েছে, এদিকে এখনও সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে কোনো আপডেট নেই সরকার তরফে। মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেটে (ভোট-অন-অ্যাকাউন্ট) নয়া বেতন কমিশনের ঘোষণা করে দিতে পারে মমতা সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) একাংশের ধারণা এমনটাই। পাশাপাশি সরকারি কর্মচারীদের মন জয়ের জন্য সরকার একগুচ্ছ ঘোষণা করতে পারে বলেও আশায় সংশ্লিষ্ট মহল।
এই আবহে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীদের চিঠি পাঠাল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা ও জনপরিসেবা সচল রাখতে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন স্তরের কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। তবে দীর্ঘদিন ধরে তাঁরা আর্থিক বঞ্চনা, অনিশ্চিত ভবিষ্যৎ ও সামাজিক সুরক্ষা কিছুই ঠিক মতো পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে আসন্ন রাজ্য বাজেটে কয়েকটি দাবি বাস্তবায়নের জন্য আবেদন জানানো হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে।
অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার ঘোষণা করার পাশাপাশি আর্জি জানানো হয়েছে, বর্তমান মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং আর্থ-সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নয়া পে কমিশন গঠনের জন্যও। একইসাথে প্যারা টিচার-সহ রাজ্যের সমস্ত দফতর কর্মরত চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের জন্য সম্মানজনক ও ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ করার দাবি জানানো হয়েছে।
রাজ্যের সমস্ত দফতর কর্মরত চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণ এবং সময়মতো বেতন প্রদানের নিশ্চয়তা প্রদান যাতে করা হয় সেই আর্জি তোলা হয়েছে। দাবি তোলা হয়েছে, শূন্যপদে দুর্নীতি মুক্ত নিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের জন্যও।

আরও পড়ুন: SSC নিয়োগে আবার মোড়, সুপ্রিম কোর্টে দায়ের হল নতুন দুটি আবেদন, কী কী?
একইসাথে যাতে বিদ্যালয় ও মাদ্রাসা স্তরে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু করা হয় সেই বিষয়ে ঘোষণারও দাবি জানানো হয়েছে। এবার রাজ্য সরকার এই সকল দাবির কথা মাথায় রেখে সরকারি কর্মীদের জন্য কিছু সুখবর দেয় কি না সেটাই দেখার।












