ব্যারাকপুর থেকে পুরী, বেনারস, বৃন্দাবন—কবে থেকে ছুটবে বাস? বড় খবর দিলেন অর্জুন সিং

Published on:

Published on:

Direct bus service from Barrackpore to Puri, Banaras, Vrindavan, says Arjun Singh
Follow

বাংলা হান্ট ডেস্ক : তীর্থে যেতে দীর্ঘপথের ঝক্কি পোহাতে হবে না। একাধিক নতুন বাস রুট চালুর পরিকল্পনা করছে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। সাংবাদিক বৈঠকে অর্জুন সিং জানান, ব্যারাকপুর থেকে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য বাস চালানোর প্রস্তুতি চলছে। তালিকায় রয়েছে পুরী, বেনারস, মথুরা ও বৃন্দাবনের মতো জায়গা। পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গেও এই শহরের যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তীর্থক্ষেত্রে নতুন বাস রুটের পরিকল্পনা পরিবহন মন্ত্রীর (Arjun Singh)

এই উদ্যোগের দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নাট্যকার চন্দন সেন-সহ ব্যারাকপুরের কয়েকজন বিশিষ্ট নাগরিক। তাঁদের বক্তব্য, প্রবীণ মানুষের পক্ষে দূরের তীর্থে যাতায়াত অনেক সময়ই সমস্যার হয়ে দাঁড়ায়। তাই নতুন রুট চালুর পাশাপাশি তাঁদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও চাওয়া হয়েছে।

বৈঠকের পর চন্দন সেন বলেন, “আমরা প্রবীণ মানুষরা এসেছিলাম। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানালাম যে পরিবহন দফতর থেকে দু’টি ব্যবস্থা করা হোক। এক নম্বর হল সিনিয়র সিটিজেনদের তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য ৫০ শতাংশ কনশেসন দেওয়া হোক। উনি বললে ন্যায্য দাবি। এটা আমি ক্যাবিনেটে রাখব। আরেকটা হল ব্যারাকপুর যেহেতু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে সরাসরি পুরী, মথুরা, বৃন্দাবন পর্যন্ত বাস চালু করুক। আর উত্তরবঙ্গে যাওয়ার জন্য বাসু চালু করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালের সঙ্গে ব্যারাকপুরের যোগাযোগ করার জন্য বাস চালু করা হোক। উনি এটা মোটামুটি সম্মত হলেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। খুশি আরও হব,যদি প্রতিশ্রুতি পূরণ হয়।”

তীর্থযাত্রীদের জন্য সরাসরি বাস চালুর সম্ভাবনার কথা মন্ত্রীও স্পষ্ট করেছেন। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “আমার হাতে যেটা আছে যে এখান থেকে সব তীর্থস্থলে যাওয়ার জন্য বাস চালু করতে পারি। ব্যারাকপুরে জায়গাও রয়েছে। বাস রাখার অনেক জায়গা আছে। ব্যারাকপুর থেকে পুরী, বেনারস সব চালু হবে। উত্তরবঙ্গও হয়ে যাবে। উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গিয়েছে। পুরীর সঙ্গেও হয়ে যাবে।”

তবে শুধু ধর্মীয় স্থান নয়, চিকিৎসার প্রয়োজনেও যাতে ব্যারাকপুর থেকে মানুষ সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন, সেই বিষয়টিকেও পরিকল্পনায় রাখা হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে হাসপাতালমুখী পরিষেবায়। পরিবহন মন্ত্রীর কথায়, এইমস পর্যন্ত বাস যোগাযোগের একটি ব্যবস্থা করা হবে। নৈহাটি থেকেও এইমসগামী বাস চালানোর পরিকল্পনা রয়েছে। হাসপাতালগুলিতে যাওয়ার জন্য রোগী ও পরিজনদের যাতে বারবার যানবাহন পরিবর্তন করতে না হয়, সে জন্য ইস্টার্ন বাইপাস সংলগ্ন হাসপাতালগুলির পাশ দিয়ে চলাচলকারী বাস পরিষেবাকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।

Direct bus service from Barrackpore to Puri, Banaras, Vrindavan, says Arjun Singh

আরও পড়ুন : ‘DA-র ফারাক ৪২%, আমরা পুজোর আগে..,’ সরকারি কর্মীদের বড় বার্তা, সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য ৫০ শতাংশ ভাড়া কমানোর প্রস্তাবটি সরকারের সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন অর্জুন সিং। অনুমোদন মিললে তীর্থযাত্রায় প্রবীণদের যাতায়াতের খরচও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। ব্যারাকপুরকে ঘিরে প্রস্তাবিত এই পরিবহণ পরিকল্পনা বাস্তবায়িত হলে শহরের সঙ্গে শুধু ধর্মীয় পর্যটনকেন্দ্রগুলির দূরত্বই কমবে না, চিকিৎসার ক্ষেত্রেও তৈরি হবে নতুন সংযোগ। কবে থেকে কোন রুটে বাস নামানো হয়, এখন সেটাই দেখার।