দোকানে বকেয়া! টাকার অভাবে বন্ধ দুর্গাপুরের মা ক্যান্টিন

Published on:

Published on:

Durgapur Maa Canteen Shut Over Funds
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গরিব মানুষের জন্য মাত্র পাঁচ টাকায় খাবারের ব্যবস্থা করতেই চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’ (Maa Canteen)। কিন্তু সরকারি টাকা না আসায় এবার সেই ক্যান্টিনই বন্ধ হয়ে গেল দুর্গাপুরে। বুধবার থেকে ভিরিঙ্গী মোড় এবং দুর্গাপুর বাসস্ট্যান্ডের মা ক্যান্টিনে তালা ঝুলেছে। ফলে সমস্যায় পড়েছেন প্রতিদিন এখানে খাবার খাওয়া বহু মানুষ।

Maa Canteen : চার মাস ধরে টাকা নেই

ক্যান্টিন (Maa Canteen) পরিচালকদের দাবি, মে থেকে আগস্ট পর্যন্ত কোনও সরকারি টাকা আসেনি। দোকানে বকেয়া জমে যাওয়ায় সবজি ও মুদিখানার দোকানদাররাও আর ধারে জিনিস দিতে চাইছেন না। গ্যাস ও কাঠের জোগানও নেই। অথচ একটি ক্যান্টিন চালাতেই প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার টাকা খরচ হয়।

ভিরিঙ্গি মা ক্যান্টিনের (Maa Canteen) পরিচালিকা মিতালি বাদ্যকর জানান, এপ্রিলের পর আর টাকা মেলেনি। পুরসভায় জানিয়েও সমস্যার সমাধান হয়নি। শুধু বলা হয়েছে, ১০ তারিখের মধ্যে টাকা আসতে পারে। তবে চাল না এলে ১২ সেপ্টেম্বরের পর ক্যান্টিন পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

ক্যান্টিন (Maa Canteen) বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাফাইকর্মী মহেন্দ্র মল্লিক, প্রবীর বাউরি, ভ্যানচালক রাকেশ কুমারদের মতো বহু মানুষ। জনার্দন মণ্ডলের কথায়, পাঁচ টাকার মাছ-ভাতের কথা বলা হয়েছিল, এখন সাদা ভাতটুকুও মিলছে না।

এ নিয়ে সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস ও সিপিএম। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী এবং সিপিএম নেতা সিদ্ধার্থ বসু গরিবের খাবার বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্যান্টিনের কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ।

Former Trinamool Congress councilor Rupa accused of corruption of ma canteen

আরও পড়ুনঃ DA মামলায় বড় পদক্ষেপ, ১২ সেপ্টেম্বর ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক সরকারি কর্মচারী সংগঠনের

অন্যদিকে, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম জানিয়েছেন, ৩৬ কুইন্টাল চাল এবং ২ লক্ষ ৪৯ হাজার টাকার অ্যালটমেন্ট পাঠানো হয়েছে। টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, সেটা ব্যাংকের বিষয়। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, বকেয়া টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা (Maa Canteen)।