বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য গতবারের আইএসএল জয়ের মূল কারিগর যোগ দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের শিবিরে। সেই নিয়ে মনখারাপের জগতে বাস করছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। কিন্তু কলকাতা লিগে (Calcutta Football League) নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নিয়ে সমর্থকদের ক্ষততে মলম লাগালেন বিনো জর্জের ছেলেরা। টানা দুইবার সিএফএল চ্যাম্পিয়নরা নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে লাল-হলুদ ৩-০ ব্যবধানে হারাল জর্জ টেলিগ্রাফকে।
এই মরশুমে জর্জ টেলিগ্রাফের ডাগআউটের অংশ ছিলেন প্রাক্তন মোহনবাগান কিংবদন্তি হোসে রামিরেজ ব্যারেটো। চিরপ্রতিদ্বন্দ্বীদের কিংবদন্তির দলের বিরুদ্ধে নিজেদের দলের এই পারফরম্যান্সে সন্তুষ্ট লাল-হলুদ সমর্থকরা। চলতি মরশুমের প্রথম ম্যাচে কার্যত প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ইস্টবেঙ্গল।
এইদিন ম্যাচ খেলা শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হয়েছিলেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ইস্টবেঙ্গলের একাধিক প্রাক্তন তারকা ফুটবলারকেও এই আসরে দেখা যায়। নতুন ক্রীড়ামন্ত্রীর হাতে এদিন ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি স্মারক হিসাবে তুলে দেওয়া হয় কিংবদন্তি ফুটবলার সাহু মেওয়ালালের স্মৃতিতে তার পুত্রের উপস্থিতিতে প্রকাশ করা হয় বিশেষ ডাকটিকিট।
আরও পড়ুন: থেমে গেল হাল্যান্ডের নরওয়ের স্বপ্নের দৌড়, বেলিংহ্যামের জোড়া গোলে আবার বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড
এদিন শুরু তন্ময় দাস, জেসিন টিকে-দের মতো পরিচিত ফুটবলারদের কাছ থেকে আগ্রাসী ফুটবল আদায় করে নেন কোচ বিনো জর্জ। ফলস্বরূপ ম্যাচের ২৪ মিনিট নাগাদ ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পটকিক থেকে ব্যবধান বাড়ান জোসেফ জাস্টিন।
দ্বিতীয়ার্ধে জর্জ কিছুটা আক্রমণে আসলেও ইস্টবেঙ্গল সমস্যায় পড়েনি। কিছুক্ষণের মধ্যেই আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। ৮৬ মিনিটে দলের তৃতীয় গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করেন বেলাল আহমেদ। সোমবার বিকেলে ঘরের মাঠে কলকাতা লিগ অভিযান শুরু করবে মোহনবাগান। তাদের প্রথম ম্যাচ পাঠচক্রের বিরুদ্ধে। তার আগে ইস্টবেঙ্গলের এই জয় চাপ বাড়িয়ে রাখবে সবুজ মেরুণ শিবিরের ওপর।













