বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য প্রশাসনে ফের বড় রদবদল। রাজ্য সচিবালয় সার্ভিসে আটজন আধিকারিকের প্রোমোশন (Promotion)। সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি জারি করেছে রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। সেখানে বলা হয়েছে, আটজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবার ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary) পদে উন্নীত হচ্ছেন।
প্রোমোশন পেলেন কোন আট আধিকারিক? | (Deputy Secretary)
পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিজিৎ ভট্টাচার্য, সৌরাংশু দত্ত, তারকনাথ আশ, রাজর্ষি বসাক, রাশেদুল ইসলাম, সঞ্জীবন রায়, সুদীপ মুখার্জি ও মধুসূদন বিশ্বাস ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পাচ্ছেন। নতুন দায়িত্বে যোগ দেওয়ার দিন থেকে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের অধীন এই প্রোমোশন কার্যকর হবে।
আরও পড়ুনঃ সুদের হারে বিরাট বদল আনল রাজ্য! লোনের টাকা ফেরত নিয়েও স্পষ্ট করা হল একাধিক নিয়ম
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিজিৎ ভট্টাচার্যকে রাজ্য তথ্য কমিশন, সৌরাংশু দত্তকে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর, তারকনাথ আশকে সমবায় দফতর ও রাজর্ষি বসাককে পুর ও নগরোন্নয়ন দফতরে ডেপুটি সেক্রেটারির দায়িত্ব দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি সঞ্জীবন রায়কে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু পুনর্বাসন, রাশেদুল ইসলামকে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, সুদীপ মুখার্জিকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক এবং মধুসূদন বিশ্বাসকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরে ডেপুটি সেক্রেটারির দায়িত্ব দেওয়া হচ্ছে।
এদিকে কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত নয়া নিয়ম জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। সেখানে স্পষ্ট জানানো হয়, রাজ্য সরকারি দফতরে লেভেল ২২ ও তার উপরের যাবতীয় বেতনস্তরের পদে প্রোমোশনের ক্ষেত্রে এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুমোদন বাধ্যতামূলকভাবে লাগবে। সেই অনুমোদন ছাড়া পদোন্নতি হবে না। এই মর্মে সকল দফতরকে নির্দেশ দেওয়া হয়।

নির্দেশিকায় আরও বলা হয়, ওই পদগুলিতে প্রোমোশনের ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের মাধ্যতে পাঠাতে হবে। দফতরগুলিতে এই ধরণের পদগুলির তালিকা, ওই পদে শেষ পদোন্নতি কবে হয়েছিল সেই তারিখ ও তাতে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছিল কিনা সেই তথ্যও সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠাতে বলা হয়েছিল।
এবার একসঙ্গে রাজ্য সচিবালয় সার্ভিসে আটজন আধিকারিকের প্রোমোশনের কথা জানাল পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি পদে কে কে উন্নীত হচ্ছেন ও তাঁদের কোন কোন দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটাও জানানো হয়েছে।













