বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে এসআইআরের (SIR) কাজ শুরু হয়েছিল। এবার সেই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য বড় সুখবর। ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া তথা এসআইআরের সঙ্গে যুক্ত থাকা সকল বিএলও এবং বিএলও সুপারভাইজাররা এককালীন ৬ হাজার টাকা সাম্মানিক পাবেন। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে।
এককালীন ৬,০০০ টাকা করে সাম্মানিক ঘোষণা কমিশনের (Election Commission)
পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের কাজে যুক্ত বিএলও ও বিএলও সুপারভাইজাররা এই এককালীন অর্থ পাবেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই চিঠি পাঠানো হয়েছে। সেই তালিকায় বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ, কেরল, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ, চণ্ডীগড় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রয়েছে।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বিএলও এবং বিএলও সুপারভাইজারদের এসআইআরের অধীন বিপুল পরিমাণ কাজ করতে হচ্ছে। সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের নিয়মিত পারিশ্রমিক তথা বার্ষিক ভাতার অতিরিক্ত এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুনঃ ফর্ম ফিল আপ করেও লাভ নেই! কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
এই নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সকল আধিকারিক ও কর্মীদের এই সিদ্ধান্তের বিষয়ে দ্রুত জানাতে হবে। যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া যায়। এর পাশাপাশি কমিশনের নির্দেশ বাস্তবায়িত করতে প্রত্যেক রাজ্যকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এসআইআরের কাজে নিযুক্ত সকল বিএলও এবং বিএলও সুপারভাইজারদের এককালীন ৬ হাজার টাকা সাম্মানিক প্রদানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে। ভোট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কর্মীদের একাংশের মতে, ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করতে হয়। সেই পরিশ্রমের এই স্বীকৃতি সকলের উৎসাহ বৃদ্ধি করবে বলে মনে করছেন তাঁরা।













