বাংলা হান্ট ডেস্কঃ পিএফ (EPFO) গ্রাহকদের জন্য সামনে আসতে চলেছে বড় পরিবর্তন। সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের বেতন সীমা বা ওয়েজ সিলিং বাড়ানোর পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। এই পরিবর্তন কার্যকর হলে আরও বহু কর্মী প্রভিডেন্ট ফান্ডের সামাজিক সুরক্ষার আওতায় আসতে পারেন বলে জানা যাচ্ছে।
১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার পরিকল্পনা (EPFO)
সূত্রের খবর অনুযায়ী, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO) বেতন সীমা বর্তমান ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার পরিকল্পনা করছে কেন্দ্র। এই প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর পড়লে, তা আগামী মাসেই ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট্রিজের বৈঠকে পেশ করা হতে পারে। বোর্ডের বৈঠকে এই প্রস্তাবে সবুজ সঙ্কেত মিললে, আগামী ১ এপ্রিল থেকেই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে।
বর্তমানে নিয়ম অনুযায়ী, যাদের মাসিক বেতন ১৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের জন্য প্রভিডেন্ট ফান্ডে যোগদান বাধ্যতামূলক। এই বেতন সীমা ২০১৪ সাল থেকেই অপরিবর্তিত রয়েছে। তবে গত কয়েক বছরে বহু কর্মীর বেতন বেড়ে যাওয়ায়, তাঁরা বাধ্যতামূলক পিএফ কভারেজের বাইরে চলে গিয়েছেন। সরকার যদি পিএফের ওয়েজ সিলিং ২৫ হাজার টাকা পর্যন্ত বাড়ায়, তাহলে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে বেতন পাওয়া বহু কর্মী আবার নতুন করে পিএফের আওতায় আসবেন। এর ফলে সামাজিক সুরক্ষার পরিধি আরও বিস্তৃত হবে।

আরও পড়ুনঃ SSC নিয়োগে আবার মোড়, সুপ্রিম কোর্টে দায়ের হল নতুন দুটি আবেদন, কী কী?
নতুন নিয়ম কার্যকর হলে কর্মীদের মাসিক বেতন থেকে পিএফ (EPFO) বাবদ কাটা টাকার অঙ্ক বাড়বে। এতে হাতে পাওয়া বেতন কিছুটা কমতে পারে, তবে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিমাণ বাড়বে। একই সঙ্গে কর্মীদের নিয়োগকারী সংস্থার দিক থেকেও প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশনের অঙ্ক বৃদ্ধি পাবে।












