বাংলা হান্ট ডেস্কঃ সংসদে একের পর এক গুরুত্বপূর্ণ বিল নিয়ে এখন জোর রাজনৈতিক আলোচনা চলছে। বিশেষ করে ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস), মহিলা সংরক্ষণ এবং FCRA সংশোধনী বিলকে (FCRA Bill 2026) ঘিরে কেন্দ্র খুব হিসেব করে এগোচ্ছে। কারণ এই বিলগুলিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এক নয়। তাই কোনও গুরুত্বপূর্ণ সম্ভাব্য সমর্থক দলকে অসন্তুষ্ট না করেই কীভাবে বিলগুলি পাশ করানো যায়, সেই পথ খুঁজছে কেন্দ্র।
FCRA Bill 2026 : রাজনৈতিক অঙ্কে সতর্ক কেন্দ্র
গত এপ্রিল মাসে বিশেষ অধিবেশন ডেকে একটি সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি। তাই এবার ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে নতুন করে সমর্থন জোগাড় করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠেছে, চলতি সংসদ অধিবেশনে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা FCRA-র সংশোধনী বিল (FCRA Bill 2026) আনা হবে কি না। আজ বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে লোকসভার আজকের নির্ধারিত কার্যসূচিতে FCRA বিলের নাম নেই।
সূত্রের খবর, সব রাজ্যে যদি ৫০ শতাংশ হারে লোকসভা আসন বাড়ানোর আশ্বাস থাকে, তাহলে ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি ডিলিমিটেশন বিলকে সমর্থন করতে পারে। কিন্তু FCRA সংশোধনী বিল (FCRA Bill 2026) নিয়ে এই দুই দলের অবস্থান আলাদা। তারা চার্চ এবং খ্রিস্টান সংগঠনগুলির উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছে।
সম্প্রতি খ্রিস্টান প্রতিনিধিদের একটি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তাদের আশঙ্কার কথা জানিয়েছে। তাদের দাবি, নতুন সংশোধনী কার্যকর হলে কোনও সংস্থার FCRA লাইসেন্স বাতিল হলে বা নবীকরণ না হলে সেই সংস্থার নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যেতে পারে। এর ফলে বহু সমাজসেবামূলক কাজ সমস্যার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে FCRA বিল পাশ করানো উচিত হবে কি না, তা নিয়েও ভাবছে কেন্দ্র। কারণ এই সিদ্ধান্তে ডিএমকে বা এনসিপির মতো দলগুলি অসন্তুষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সকালেই রওনা, সন্ধ্যায় ফেরা! নতুন বাস পরিষেবায় একদিনেই ঘুরুন ঝাড়গ্রাম
অন্যদিকে, আজ ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতারাও বৈঠকে বসছেন। সেখানে FCRA বিল (FCRA Bill 2026) নিয়ে বিরোধীদের পরবর্তী অবস্থান এবং সংসদে কী কৌশল নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত FCRA বিলকে ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ছে।













