বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে চলতি বছরে আফগানিস্তান ছাড়া অন্য কোন দলের বিরুদ্ধে এখনো অবধি ওডিআই সিরিজ জিততে পারেনি ভারতীয় দল (Indian Cricket Team)। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ হেরেছে শুভমান গিলরা। গৌতম গম্ভীর অতীতে দ্বিপাক্ষিক সিরিজের ফলাফলকে গুরুত্ব না দিয়ে আইসিসি প্রতিযোগিতার মঞ্চে দলের পারফরম্যান্স দেখতে বলেছেন সকলকে। কিন্তু এবার থেকে সতর্কবাণী শুনিয়ে রাখলেন তারই প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
দীনেশ কার্তিক পরোক্ষভাবে বলেছেন যে ভারতের বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন বোলিংয়ের ক্ষেত্রে মূলত তরুণ তারকাদের দিয়েই বিশ্বকাপের দল সাজাতে আগ্রহী গম্ভীর। সেইজন্য অতিরিক্ত সুযোগ পাচ্ছেন হর্ষিত রানা, গুরনূর ব্রার, প্রসিদ্ধ কৃষ্ণারা। কিন্তু অনেকেই মনে করছেন এই প্রক্রিয়া অবলম্বন করে আখেরে ভারতীয় দলের ক্ষতি করছেন তিনি।

ইতিমধ্যেই যশপ্রীত বুমরাকে ওডিআই দলে ফেরত এনে বিসিসিআই প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র তারুণ্যের ওপর ভরসা রেখে ভারতের বোলিং আক্রমণকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলতে চাইছে না। কিন্তু বুমরা একজন চোটপ্রবণ ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের মধ্যে ৯০০ দিন পরে ওডিআই ক্রিকেটে ফিরেছিলেন তিনি। কিন্তু সেই সিরিজ সম্পূর্ণ হওয়ার আগেই চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছিল তাকে।
আরও পড়ুন: ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো! বৈভব সূর্যবংশীকে পরামর্শ ভারতীয় দলের এই তারকার
তাই অভিজ্ঞতার জন্য শুধুমাত্র বুমরার ওপর ভরসা করা যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। অনেকেই পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ ফাস্ট বোলার এবং আইসিসি টুর্নামেন্টে ভারতের ইতিহাসে সেরা পারফরম্যান্স করা মহম্মদ সামিকে দলে ফেরানোর ব্যাপারে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা কোচ গৌতম গম্ভীর সেরকম কোন ইঙ্গিত এখনও দেননি। তাই ঘরোয়া ক্রিকেট, আইপিএল সব জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েও এক সময় চোটের কারণে দল থেকে বাদ পড়া এই তারকা ফাস্ট বোলার এখন আর ভারতীয় দলের অংশ নন।
আরও পড়ুন: এবার পাকিস্তান থেকে উড়ে এলো উপদেশ! কোহলি ও রোহিত প্রসঙ্গে কি করবেন গম্ভীর?
এই বিষয়টি নিয়েই এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন দীনেশ কার্তিক। তিনি সরাসরি বলেছেন, “পরিস্থিতি যাই হোক না কেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে মহম্মদ সামিকে দলে রাখতেই হবে। তাকে ছাড়া ভারতীয় বোলাররা অভিজ্ঞতার অভাবে ভুগবে এবং চরম বিপর্যয়ের মুখে পড়বে। আইসিসি টুর্নামেন্টের মঞ্চে আপনি কীভাবে আপনার সেরা পারফরম্যান্স করা বোলারকে উপেক্ষা করতে পারেন? অতীতে তিনি ভারতের হয়ে নিয়মিত উইকেট তুলেছেন। তার সিম পজিশন দুর্দান্ত। তিনি বলকে কার্যকরীভাবে সুইং করাতে পারেন এবং এখনও তার যথেষ্ট গতি রয়েছে। অথচ দুর্ভাগ্যবশত এই ভারতীয় দলে তার কোনো জায়গা নেই। আমাদের তরুণ বোলাররা ভালো হলেও সামির মানের ধারেকাছেও নেই। এখনও সময় আছে, বিসিসিআই ও গৌতম গম্ভীরের উচিত তার সাথে যোগাযোগ করা। ইদানীং তাদের মধ্যে যোগাযোগের বড় ঘাটতি দেখা যাচ্ছে। তিনি নিশ্চিতভাবেই আরও ভালো ভাবে বিদায় পাওয়ার জন্য যোগ্য ছিলেন।”













