বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের (2026 Asian Games) সেমিফাইনালে এবং ফাইনালে ভদ্রস্থ পারফরম্যান্স করেছেন ১৫ বছর বয়সে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু তারপরেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) আরম্ভ হতে চলা টি-টোয়েন্টি সিরিজে তাকে সুযোগ দেবেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এশিয়ান গেমসের ভারতীয় দলে (Indian Cricket Team) তাকে ওপেন করিয়ে সঞ্জু স্যামসনকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠাচ্ছিলেন ভারতের প্রধান কোচ। কিন্তু আসন্ন সিরিজগুলিতে ফের একবার স্যামসনই যে ভারতের প্রধান ওপেনার হিসেবে অভিষেক শর্মার সঙ্গে মাঠে নামবেন তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।
বৈভবকে নিয়ে গৌতম গম্ভীরের এই মনোভাব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা একেবারেই চাইছেন না যে তরুণ এই বিস্ময় বালক মাঠের বাইরে বসে থাকুক। কিন্তু গৌতম গম্ভীর সরাসরি জানিয়ে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ার মতামত দেখে তিনি দল নির্বাচনে আগ্রহী নন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীর বলেছেন, “যদি বৈভব খেলে, তবে অভিষেক বা সঞ্জু, যাকেই আমরা বাদ দিই না কেন, তার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করাটা বেশ কঠিন হবে। গত দেড়-দুই বছর ধরে যে কম্বিনেশনটি এমন দুর্দান্ত সফলতা পেয়েছে, তাকে আমরা হঠাৎ করে উপেক্ষা করতে পারি না। কিংবা তিন-চারটি ব্যর্থতার পরেই তাদের বাদ দিয়ে এমন কোনো তরুণ খেলোয়াড়কে খেলাতে পারি না, যিনি নিঃসন্দেহে প্রতিভাবান এবং ভালো ফর্মে রয়েছেন।”
ভারতের প্রধান কোচ এই প্রসঙ্গে আরও যোগ করে বলেছেন, “সোশ্যাল মিডিয়া বা বাইরের কোনো গুঞ্জন ‘প্লেয়িং ইলেভেন’ বা মূল একাদশ নির্ধারণ করে না। এটি নির্ভর করে ড্রেসিংরুমের পরিস্থিতি, কোচ ও অধিনায়কের বিবেচনায় কারা ম্যাচ জেতাতে সক্ষম, সেরা একাদশ কোনটি এবং কারা দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করে আসছেন, এই সকল বিষয়ের ওপর।”
বৈভব সূর্যবংশী এশিয়ান গেমসের দুই ম্যাচ মিলিয়ে আগ্রাসী ব্যাটিং করে ৫৩ রান করেছেন। উল্টোদিকে সঞ্জু স্যামসন তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ওই দুই ম্যাচ মিলিয়ে ১০০-রও কম স্ট্রাইক রেটে ৯ রান করেছেন। তারপরেও সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং বান্ধব উইকেটে সঞ্জুই হতে চলেছেন প্রথম চয়েজ ওপেনার।













