বিশ্বকাপে বড় অঘটন! ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় জার্মানির, শেষ ১৬-তে প্যারাগুয়ে

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অরল্যান্ডো গিলের (Orlando Gill) গ্লাভসে আটকে গেলো জার্মানি (Germany)। এমনটা যে এত তাড়াতাড়ি হবে তা অনেকেই ভাবতে পারেনি। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) দুর্বল কুরাসাওকে ৭-০ ফলে হারিয়ে যাত্রা শুরু করেছিল জার্মানি (Germany)। অপরদিকে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রর কাছে ৪-১ ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল প্যারাগুয়ে (Paraguay)। গ্রূপপর্বে কেবলমাত্র তুরস্কের বিরুদ্ধে ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল লাতিন আমেরিকার দেশটি। সেরা তৃতীয় দলগুলির মধ্যে একটি হিসাবে নক-আউটের যোগ্যতা অর্জন করে তারা।

তাই বিশ্বকাপের মঞ্চে যখন জার্মানির মুখোমুখি হয় এই লাতিনা আমেরিকার দেশটি তখন অনেকেই জার্মানিকে পরিষ্কার ফেভারিট হিসেবে দেখছিলেন। কিন্তু ম্যাচ শুরু হতেই চিত্রটা ধীরে ধীরে বদলাতে থাকে। ম্যাচের ৪২ মিনিটে জুলিও এনসিসোর একমাত্র গোলে প্রথমার্ধ শেষে এগিয়ে গিয়ে ড্রেসিংরুমে ফেরে প‍্যারাগুয়ে।

তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। কাই হাভার্টজের গোলে ৫৪ মিনিটের গোলে সমতায় ফেরে চার বারের বিশ্বজয়ীরা। নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় জার্মানি-প‍্যারাগুয়ে ম‍্যাচ। ১০২ মিনিটে জার্মান ডিফেন্ডার জোনাথন টাহর করা গোল ভিএআর বাতিল করে। গোটা ১২০ মিনিট ৭৩ শতাংশ বল পজেশন নিজেদের দখলে রেখে এবং ২১ টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয় জার্মানি। শেষপর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে সূর্যাস্ত দেখলো সূর্যোদয়ের দেশ! জেদি জাপানকে টেক্কা দিয়ে শেষ ১৬-তে পৌঁছলো ব্রাজিল

টাইব্রেকারে কাই হাভার্টজ এবং নিক ওয়াল্টামডের পেনাল্টি বাঁচিয়ে হিরো হয়ে যান প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো গিল। ম্যাচের সেরার পুরস্কারও ওঠে তারই হাতে। ম্যানুয়েল ন‍্যয়ারও একটি পেনাল্টি বাঁচিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু জোনাথন টাহ পেনাল্টি মিস করতেই জার্মানির বিদায় নিশ্চিত হয়ে যায়। জোসে কানালে শেষ পেনাল্টি কিকে গোল করতেই টানা তৃতীয় বিশ্বকাপে শেষ ১৬ পর্বের আগেই জার্মানির বিদায় নেওয়ার ধারা অব্যাহত থাকে।

আরও পড়ুন: জমে উঠেছে লড়াই! কে জিতবেন বিশ্বকাপের গোল্ডেন বুট? এগিয়ে মেসি, চ্যালেঞ্জ জানাবেন কারা?

এই প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি শ্যুট আউটে হারতে হয় জার্মানিকে। একনজরে দেখে নেওয়া যাক জার্মানির বিশ্বকাপ টাইব্রেকার রেকর্ড
◆ ১৯৮২ বিশ্বকাপ: সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জয়
◆ ১৯৮৬ বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষে টাইব্রেকারে জয়
◆ ১৯৯০ বিশ্বকাপ: সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়
◆ ২০০৬ বিশ্বকাপ: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে জয়
◆ ২০২৬ বিশ্বকাপ: শেষ ৩২ রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হার