বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাসের শুরুতেই সামনে এল বড় আপডেট। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মাস অর্থাৎ জুলাইয়ে ভারতের মোট পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) তথা GST সংগ্রহে (GST Collections) উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। শনিবার সরকার কর্তৃক প্রকাশিত মাসিক GST সংগ্রহের তথ্য অনুসারে, জুলাই মাসে মোট GST সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.১১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের জুলাই মাসে এই পরিমাণ ছিল প্রায় ১.৮২ লক্ষ কোটি টাকা। জানিয়ে রাখি যে, GST আদায়ের এই বৃদ্ধির প্রধান কারণ হলো অভ্যন্তরীণ রেভিনিউর শক্তিশালী বৃদ্ধি এবং আমদানি থেকে সংগৃহীত কর। তথ্য থেকে জানা গেছে, পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দেশের (India) অভ্যন্তরীণ খরচ ও ব্যবসায়িক কার্যকলাপ স্থিতিশীল ছিল।
জুলাই মাসে ২.১১ লক্ষ কোটি টাকার GST আদায় (Goods and Services Tax):
অভ্যন্তরীণ GST-তে চমকপ্রদ পরিসংখ্যান: সামগ্রিক GST সংগ্রহ শক্তিশালী করার ক্ষেত্রে অভ্যন্তরীণ কার্যকলাপ এবং আমদানি থেকে প্রাপ্ত কর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই ২০২৫-এর ১.৩১ লক্ষ কোটি টাকার তুলনায়, জুলাই ২০২৫-এ অভ্যন্তরীণ GST রেভিনিউ ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, আমদানি থেকে GST রেভিনিউ ২৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৬,৫১১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

রিফান্ড ১৩ শতাংশের বেশি বেড়েছে: উল্লেখ্য যে, সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে মোট GST রিফান্ডের পরিমাণও বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মোট রিফান্ডের পরিমাণ ১৩.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৯,৯৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে, আইসগেট (ICEGATE) প্রক্রিয়ার মাধ্যমে রফতানি সংক্রান্ত GST রিফান্ডের ফেরতের পরিমাণ ২২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২,২৮৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এমতাবস্থায়, রিফান্ড বাদ দেওয়ার পর জুলাই মাসে মোট GST রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ১.৮১ লক্ষ কোটি টাকায়। যা গত বছরের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। এতে, অভ্যন্তরীণ মোট GST রেভিনিউ ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.২৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং শুল্ক থেকে মোট GST রেভিনিউ ৩০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৪,২২৩ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: ২০২৭-এর ODI বিশ্বকাপের ম্যাচ সম্পন্ন হবে ১২ টি ভেন্যুতে! সেগুলিতে টিম ইন্ডিয়ায় পারফরম্যান্স কেমন?
এপ্রিল-জুলাই মাসে রেকর্ড GST আদায়: চলতি অর্থবর্ষের প্রথম ৪ মাস, অর্থাৎ ২০২৬-এর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, GST আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। গত অর্থবর্ষের একই সময়ের ৭.৬৬ লক্ষ কোটি টাকার তুলনায় এই সময়ে মোট GST আদায় ১০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এপ্রিল-জুলাই মাসে মোট GST আদায় ৯.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭.২১ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে জোড়া পদক ভারতের! নীরজ জিতলেন রুপো, যশবীর পেলেন ব্রোঞ্জ
শীর্ষে রয়েছে হরিয়ানা: জানিয়ে রাখি , জুলাই মাসের GST আদায়ে বার্ষিক বৃদ্ধির দিক থেকে হরিয়ানা ২৫ শতাংশ বৃদ্ধির ওপর ভর করে এই তালিকায় শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে গুজরাট ও তেলেঙ্গানা উভয় রাজ্যেই ১৯ শতাংশের বৃদ্ধি ঘটেছে। এছাড়াও, পাঞ্জাব ও কেরালায় ১৬ শতাংশ, উত্তরপ্রদেশে ১৫ শতাংশ, মহারাষ্ট্রে ১৩ শতাংশ, কর্ণাটকে ১২ শতাংশ এবং দিল্লিতে ৮ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এদিকে, দেশে GST রেভিনিউর ক্ষেত্রে মহারাষ্ট্রের অবদান সবচেয়ে বেশি। তবে, কিছু রাজ্যে জুলাই মাসে GST সংগ্রহ হ্রাস পেয়েছে। হিমাচল প্রদেশে ২২ শতাংশ, উত্তরাখণ্ডে ১৮ শতাংশ এবং পুদুচেরিতে ১৭ শতাংশ GST সংগ্রহ কমেছে। এছাড়া মধ্যপ্রদেশে ১০ শতাংশ, অন্ধ্রপ্রদেশে ৫ শতাংশ এবং তামিলনাড়ুতে ১ শতাংশের হ্রাস পরিলক্ষিত হয়েছে।













