বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। নতুন বেতন কাঠামোর অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে? এই নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা। সবার নজর রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টরে। কারণ তার ওপর ভিত্তি করেই হবে সব হিসেব।
চর্চায় নয়া পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর
বর্তমান মুদ্রাস্ফীতির প্রবণতার উপর ভিত্তি করে, মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৬০ এর কম নাও হতে পারে। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, অষ্টম পে কমিশনে ২.১৫, ২.৫৭ বা ২.৮৬ এর মধ্যে থাকতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। এদিকে ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO)-এর তরফে প্রস্তাব দেওয়া হয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০ থেকে ৩.২৫ পর্যন্ত বৃদ্ধি করা হোক।
ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক যার সাহায্যে বিদ্যমান বেতনগুলিকে সংশোধিত বেতন স্কেলে রূপান্তর করা হয়। সপ্তম বেতন কমিশনের অধীনে, ফ্যাক্টরটি ছিল ২.৫৭, যার ফলে ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকায় পৌঁছে গিয়েছিল। এবার অষ্টম পে কমিশনের ক্ষেত্রে তা কত হবে এই নিয়ে চর্চা।
সরকারি কর্মচারীদের একটা অংশের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টরটি ২.৮৬ থেকে ৩.২৫ এর মধ্যে বৃদ্ধি করা হোক। বর্তমানে সপ্তম বেতন কমিশনের কাঠামো অনুসারে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা। যদি অষ্টম বেতন কমিশন ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে ন্যূনতম মূল বেতন ৫৮,৫০০ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বড়সড় ধাক্কা! রাজ্যের আপত্তি খারিজ করে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কোন মামলায়?
ধরা যাক একজন লেভেল ১ কর্মচারী বর্তমানে ১৮,০০০ টাকা মূল বেতন পেলে, নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০ হলে বেসিক স্যালারি দাঁড়াচ্ছে ৫৪,০০০ টাকা। নয়া পে কমিশন এলে মূল বেতন ছাড়াও, বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং মহার্ঘ্য ভাতা (DA) এর মতো ভাতা গুলিও সংশোধন করা হবে।












