বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো মানেই বাঙালির উৎসবের মরসুম। স্কুল, কলেজ থেকে সরকারি অফিস, বছরের এই সময়টা সব জায়গায় লম্বা ছুটি (Government Holiday) থাকে। চলতি বছরও অন্যথা হবে না। এবারের পুজোয় টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা (Government Employees)। রাজ্য সরকারের হলিডে লিস্ট সেকথাই বলছে।
দুর্গাপুজোয় টানা ১২ দিন ছুটি | (Government Holiday)
গত বছরের শেষের দিকে তৎকালীন রাজ্য সরকার ২০২৬ সালের সরকারি ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু হচ্ছিল, চলত ২৪ অক্টোবর অবধি। ২৫ অক্টোবর (রবিবার) আবার লক্ষ্মীপুজো রয়েছে।
আরও পড়ুনঃ খুলছে পোর্টাল! কবে থেকে আবেদন ‘যুবশক্তি’ প্রকল্পে? সর্বশেষ আপডেট
তবে রাজ্যে পালাবদলের পর সরকারি ছুটির তালিকায় কিছু রদবদল হয়েছে। এবার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি পাবেন সরকারি কর্মীরা। এছাড়া নবান্নের হলিডে লিস্ট বলছে, শুধুমাত্র অক্টোবরেই সরকারি কর্মীদের একটানা অনেকদিন দিন ছুটি থাকবে। সরকারি অফিস, সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান এই দিনগুলিতে বন্ধ থাকবে।
আগামী অক্টোবর মাসের ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন ও ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে সরকারি অফিসে ছুটি থাকবে। এরপর ১৫ অক্টোবর থেকে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। চলবে ২৪ অক্টোবর অবধি।

সরকারি ছুটির তালিকা বলছে, ১৫ অক্টোবর- মহা চতুর্থী, ১৬ অক্টোবর- মহাপঞ্চমী, ১৭ অক্টোবর- মহা ষষ্ঠী, ১৮ অক্টোবর- মহা সপ্তমী, ১৯ অক্টোবর- মহাষ্টমী, ২০ অক্টোবর- মহা নবমী ও ২১ অক্টোবর- বিজয়া দশমী উপলক্ষে সব সরকারি অফিস, স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২২ অক্টোবর, ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি।
এবারের লক্ষ্মীপুজো আবার রবিবার পড়েছে। কিন্তু তা বলে সরকারি কর্মীদের ছুটি নষ্ট হবে না। ২৫ অক্টোবর রবিবার পড়লেও, ২৬ অক্টোবর লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি পাবেন তাঁরা। অর্থাৎ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিলিয়ে একটানা ১২ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। একইসঙ্গে এই দিনগুলিতে সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।













