বাংলা হান্ট ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। আর তার মধ্যেই অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল ‘সবুজ সাথী’ (Sabuj Sathi Cycle)। গত কয়েক বছর ধরে রমরমিয়ে চলছে রাজ্যের (Government Of West Bengal) এই প্রকল্প যার মাধ্যমে নবম শ্রেণিতে ওঠার পরেই বিনামূল্যে সাইকেল পান পড়ুয়ারা। প্রত্যন্ত এলাকায় এই সাইকেলই পড়ুয়াদের নিত্যদিনের ভরসা।
‘সবুজ সাথী’ নিয়ে শীঘ্রই সুখবর দিচ্ছে রাজ্য | Government Of West Bengal
বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সবুজ সাথীর সাইকেল নিয়ে হাজির রাজ্য সরকার। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তার আগেই ছাত্রছাত্রীদের হাতে আবার সাইকেল তুলে দিতে তৎপর রাজ্য সরকার। সূত্রের খবর, চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল দেওয়া শুরু হবে।
প্রশাসন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে। গত বছর ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়া এই সরকারি প্রকল্পের সাইকেল পেয়েছিল। এ বছর তা আরও বেড়ে ১২ লক্ষ ৪৭ হাজার হতে পারে বলে খবর। খুব শীঘ্রই প্রায় সাড়ে ১২ লক্ষ পড়ুয়া সরকারি সাইকেল পেতে চলেছে।
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘সবুজসাথী’ প্রকল্প চালু করে। তারপর থেকে প্রতি বছরই এই সরকারি প্রকল্পের আওতায় সুবিধা পেয়ে থাকেন পড়ুয়ারা। ওয়াকিবহাল মহল বলছে যেহেতু এ বছর ভোট রয়েছে তাই দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার।

আরও পড়ুন: বাংলাদেশী ফান্ডে তৈরি হচ্ছে বেলডাঙ্গার মসজিদ? বাবরি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর
সবকিছু ঠিকঠাক থাকলে, মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে। তার আগেই যাতে বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে নিশ্চিত হতে চাইছে নবান্ন।












