বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারী। আর ঠিক পরের দিন, ২ ফেব্রুয়ারি পেশ হবে রাজ্য বাজেট (West Bengal Budget)। নির্ঘণ্ট ঘোষণা না হলেও সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা ভোট। যেহেতু এবছর ভোট, তাই নয় পূর্ণাঙ্গ বাজেট নয়। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে বলে সূ্ত্রের খবর। সেখানে কী কী চমক দেবে রাজ্য (Government Of West Bengal)? নজর থাকবে।
অন্তর্বর্তী বাজেট কী কী চমক? Government Of West Bengal
পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আগামী ২ ফেব্রুয়ারি। সেই বাজেটে কী কী চমক থাকবে? যেহেতু ছাব্বিশে ভোটের আগে এটাই শেষ, তাই এবারের বাজেটে লক্ষ্মী ভান্ডার, ডিএ, পে কমিশনে নজর থাকবে। নবান্নের একটি সূত্র বলছে, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে হতে পারে একাধিক বড় ঘোষণা।
ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে বিশেষ নজর দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও খাদ্যসাথী প্রকল্পের দিকে। এই সমস্ত প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মত প্রশাসনের একাংশের। লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি কি তাহলে সময়ের অপেক্ষা?
ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, বাজেটে যেমন নতুন প্রকল্প চালুর ঘোষণা করা হতে পারে, তেমনিই বরাদ্দ বাড়ানো হতে পারে বিভিন্ন প্রকল্পে। আবার, দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ মামলার রায় রিজার্ভ রয়েছে।

আরও পড়ুন: ১,০০০ টাকা থেকে একলাফে ৭,৫০০? পেনশনে আসতে চলেছে বড় বদল… মিলল ইঙ্গিত
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ-র পার্থক্য বিরাট। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এ অবস্থায় দাঁড়িয়ে এ বছরই সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে, এবং রাজ্য বাজেটে সেই ঘোষণা হতে পারে বলেও জল্পনা চলছে একাধিক মহলে।












