বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোয় পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতার দিকে নজর দিতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পরিবেশবান্ধব পুজোর আয়োজন, মণ্ডপ পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য পুজো কমিটিগুলিকে পুরস্কার দেওয়া হবে (Durga Puja Award)। এই জন্য চালু হতে চলেছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। রাজ্যস্তরে সেরা পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
Durga Puja Award : কোন কোন কাজের জন্য মিলবে পুরস্কার?
এই পুরস্কারের (Durga Puja Award) জন্য ৪টি বিভাগ রাখা হয়েছে। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, সচেতনতা বাড়ানো এবং এলাকার মানুষের অংশগ্রহণের মতো বিষয়গুলি দেখে সেরা পুজো কমিটিগুলিকে বেছে নেওয়া হবে।
1. শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো: পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার এবং পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য এই পুরস্কার দেওয়া হবে।
2. শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পুজো: পুজোমণ্ডপ এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখা ও বর্জ্য ঠিকভাবে সামলানোর জন্য এই পুরস্কার দেওয়া হবে।
3. শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ: পরিবেশ রক্ষা এবং সামাজিক সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নিলে এই বিভাগে পুরস্কার পাওয়া যাবে।
4. কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড: পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক কাজের জন্য এই পুরস্কার দেওয়া হবে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কত টাকা?
রাজ্যস্তরে প্রথম স্থানাধিকারী পুজো কমিটিকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। দ্বিতীয় স্থানে থাকা কমিটি পাবে ৮০ হাজার টাকা। তৃতীয় স্থানের জন্য থাকছে ৫০ হাজার টাকা। এ ছাড়াও, প্রতিটি জেলা থেকে সেরা পুজো কমিটিকে বেছে নেওয়া হবে। জেলা স্তরে নির্বাচিত সেরা কমিটি পাবে ২৫ হাজার টাকা।
কীভাবে আবেদন করবেন পুজো কমিটিগুলি?
এই পুরস্কারের জন্য আবেদন করতে ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’ চালু করা হচ্ছে। পাশাপাশি, ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমেও আবেদন করা যাবে। ইতিমধ্যেই প্রায় ২ হাজার পুজো কমিটি এই পুরস্কারের জন্য আবেদন করেছে। আবেদনকারী পুজো কমিটিগুলির কাজ খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি একটি কমিটি। তাদের মূল্যায়নের ভিত্তিতেই সেরা পুজো কমিটিগুলিকে বেছে নেওয়া হবে।

আরও পড়ুনঃ পুজোর পরেই পুরভোট! ২৮ নভেম্বর ভোট, ২ ডিসেম্বর গণনার প্রস্তাব
পুজোমণ্ডপ থেকে বিলি করা হবে চারা গাছ
দুর্গাপুজোকে কেন্দ্র করে পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের (Durga Puja Award)। সেই জন্য পুজোমণ্ডপগুলিতে বিশেষ স্টল তৈরি করে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিলি করার উদ্যোগ নেওয়া হবে। এই কাজে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।












