বাংলা হান্ট ডেস্কঃ ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছে। সেই কর্মসূচির মধ্যেই সোমবার সকালে কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। তবে শহরে পা রাখার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ। হাজরা এবং ভিআইপি রোডে কালো পতাকা দেখানো হয়, ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও।
কালীঘাটে পুজো দিলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)
সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যেই কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “প্রত্যেক ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সবাইকে যেন ভাল রাখেন।” পুজোর সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। মন্দির চত্বর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
শহরে পা দিয়েই বিক্ষোভ
রবিবার রাতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে পৌঁছায়। মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট ১২ জনের প্রতিনিধি দল বাংলায় আসে। তাঁদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে বিমানবন্দর থেকে শহরের পথে বেরোতেই বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar)।
ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সিপিআইএম নেতা-কর্মীরা কালো পতাকা দেখান এবং ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। সোমবার সকালেও কালীঘাট ও হাজরা এলাকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভের মধ্যেই নিরাপত্তার ঘেরাটোপে মন্দিরে পুজো সেরে বেরিয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার।
বিক্ষোভকারীদের দাবি, তাঁরা সাধারণ নাগরিক এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের যোগাযোগ নেই। তাঁদের অভিযোগ, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। এই পরিস্থিতিতে অনেক মানুষ আতঙ্কে রয়েছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের। সেই প্রশ্নের জবাব চাইতেই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।
আজ দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক
কালীঘাট থেকে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) ইতিমধ্যেই নিউটাউনের একটি হোটেলের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে নির্বাচন প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। আজ সকাল ১০টায় নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এরপর দুপুর ১টা ১৫ নাগাদ ভোটের নিরাপত্তা নিয়ে আরেকটি বৈঠক হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন নির্বাচন কমিশনের সদস্যরা।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতিকে অপমান? বাংলাকে নিশানা করে কড়া আক্রমণ মোদীর, কী বললেন?
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ও প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার। দিনের কর্মসূচির মধ্যেই জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বেলুড় মঠে যাওয়ার কথাও রয়েছে।












