বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার (Government of West Bengal) পরিবর্তন হতেই হাড়ালের বাজি ক্লাস্টার (Firework Cluster) তৈরির কাজে গতি এসেছে। তৃণমূল আমলে প্রায় চার বছর ধরে এই প্রকল্প থমকে ছিল। পালাবদলের পর নতুন করে সমস্ত প্রক্রিয়া শুরু হওয়ায় আশায় বুক বাঁধছেন বাজি শ্রমিকরা।
বাজি ক্লাস্টার প্রকল্পে মিলেছে অনুমোদন | (Firework Cluster)
এর আগে বাজি ক্লাস্টার তৈরির জন্য ব্যবসায়ীদের তরফ থেকে প্রায় ৩০ বিঘা জমি দেওয়া হয়েছিল। তবে বিগত সরকারের আমলে প্রায় চার বছর ধরে এই প্রকল্পের কাজ থমকে ছিল। তবে এবার নতুন করে সব প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গিয়েছে।

হাড়াল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বেগমপুর মৌজায় বাজি তৈরির ক্লাস্টার গড়ে তোলা হবে। এখানে বাজি মজুত রাখার গোডাউনের পাশাপাশি বাজি তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পরীক্ষানিরীক্ষার জন্য কেমিক্যাল ল্যাবরেটরি ও কনফারেন্স রুম থাকবে।
আরও পড়ুনঃ ছটপুজোয় কলকাতার রাস্তায় ছড়াবে গোলাপের সুগন্ধ! অগ্নিমিত্রার বার্তার পরেই প্রস্তুতিতে পুরসভা
এই বাজি ক্লাস্টার তৈরি হলে রাজ্যের অন্যতম বৃহৎ বাজিবাজার হাড়ালের বিভিন্ন বাজি তৈরির কারখানা ও বাজির দোকান লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এর ফলে দুর্ঘটনায় প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটা কমবে।
আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে এই বাজি ক্লাস্টারের কাছাকাছি দমকলকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এর জন্য এক বিঘারও বেশি জমি দেওয়া হয়েছে।
বেগমপুরে তৈরি হতে চলা এই ক্লাস্টারে সবুজ বাজি তৈরি হবে। বর্তমানে শিবকাশী থেকে এই বাজি আনা হচ্ছে। ক্লাস্টার তৈরির পর সবুজ বাজির প্রশিক্ষণ দেওয়া হলে এখানকার শ্রমিকরাই তা তৈরি করতে পারবেন বলে মনে করছেন আতসবাজি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা অজয় কুমার চক্রবর্তী।
বাজি ক্লাস্টারের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন হাড়ালের বাজি শ্রমিকরা। রাজ্যে সরকার বদলের পর এই প্রকল্পে গতি এসেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। এটি তৈরি হলে রাজ্যের বাজি শিল্পেও আমূল বদল আসবে।












